আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নানান সময় নানান ধরণের ভিডিও দেখতে পাই। কিছু কিছু ভিডিও তো নিমেষের মধ্যে ভাইরালও হয়ে যায়। এর মধ্যে কিছু ভিডিও দেখে আমরা আনন্দিত হই, কিছু ভিডিও আমাদের আবেগপ্রবণ করে তোলে তো কিছু ভিডিও দেখে আমরা ঠিক কী প্রতিক্রিয়া দেব, ভেবেই উঠতে পারি না।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে হতবাকই হয়েছেন নেটিজেনরা। এক সরকারি স্কুল শিক্ষিকার কাণ্ড দেখে বেশ বিরক্ত সকলেই। ক্লাসের মধ্যে ছাত্রীদের না পড়িয়ে দিব্যি সুখনিদ্রা দিচ্ছেন সেই শিক্ষিকা। আর তাকে পিছন থেকে হাতপাখা দিয়ে হাওয়া করছে এক ছাত্রী।
এই ঘটনাটি ঘটেছে বিহারের কাথারবা গ্রামের রাজকীয় প্রাথমিক বিদ্যালয়ে। আর ক্লাসের মধ্যে ঘুমানো ওই শিক্ষিকার নাম ববিতা কুমারী। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ক্লাসের মধ্যে গুটিকয়েক ছাত্রী রয়েছে। সকলেই মেঝেতেই বসে রয়েছে। আর ক্লাসের মধ্যে একটি চেয়ারে হেলান দিয়ে দিব্যি দিবানিদ্রা দিচ্ছেন এক শিক্ষিকা। আর তাকে পেছন থেকে হাতপাখা দিয়ে অনবরত হাওয়া করে চলেছে এক পড়ুয়া।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই বেশ ভাইরাল হয়। যদিও অভিযুক্ত ওই শিক্ষিকার কথায়, তিনি ঘুমোচ্ছিলেন না। গরমে নাকি তাঁর শরীর খারাপ করছিল। তাই তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন।
View this post on Instagram
এই ভিডিও দেখে সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। দেশের সরকারি স্কুলের পরিস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অনেকে আবার এও বলেছেন যে অনেক স্কুলের এমন দু-একজন শিক্ষক-শিক্ষিকা থাকেন, যারা প্রায়শই এমন কাণ্ড ঘটিয়ে থাকেন।





