কথায় রয়েছে প্রেম কোন বাঁধা মানে না। কে কখন কার প্রেমে পড়বে, তা কি আর এত সহজে কেউ বলতে পারে! সেই কারণে নিজের অনুভূতির কথা নিজের প্রিয় মানুষটিকে জানিয়ে দেওয়াই শ্রেয়। কিন্তু প্রেমের কথা জানাতে গিয়ে যদি চাকরিই হারাতে হয়, তাহলে? এমনটাই ঘটল এবার এক শিক্ষকের সঙ্গে।
ছাত্রীকে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হল দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষককে। এই ঘটনাটি ঘটেছে অসমের ধামাজি শহরে। জানা গিয়েছে, ওই প্রশিক্ষকের নাম কুমবাং। সূত্রের খবর, তিনি যে ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন, সেই ছাত্রীকেও বরখাস্ত করা হয়েছে ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে।
জানা গিয়েছে, ঐ শিক্ষক যখন ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন, সেই সময় সেই মুহূর্তের ভিডিও করে ক্লাসের অন্যান্য পড়ুয়ারা। এই ভিডিওতে দেখা যাচ্ছে, হাঁটু মোড়ে ফুল দিয়ে একেবারে ‘আশিকের’ মতো ছাত্রীকে ভালোবাসার কথা জানাচ্ছেন ওই শিক্ষক।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পরই তুমুল ভাইরাল হয়। আর এই ভিডিওটি চোখে পড়তেই নড়েচড়ে বসেন প্রশিক্ষণ কেন্দ্রের কর্তারা। এরপরই ঐ শিক্ষক ও ছাত্রী দুজনকেই বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র।





