সম্প্রতি এক যুবকের আশ্চর্য লড়াইয়ের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যুবকের নাম প্রদীপ মেহরা। তাঁর নাম এখন জনমুখে চর্চিত। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তিনি একটানা অনুশীলন করে চলেছেন।
জানা গিয়েছে, প্রতিদিন রাতে ১০ কিলোমিটার দৌড়নো অভ্যাস করেন প্রদীপ। এদিকে আবার পেট চালানোর জন্য নয়ডার সেক্টর ১৬-এর ম্যাকডোনাল্ডসে কাজও করেন তিনি। আর কাজ শেষ হলেই রাতে শুরু হয় তাঁর এই কঠিন অনুশীলন। তাঁর এই নিষ্ঠার দামও পেলেন তিনি। প্রদীপের এই ভাইরাল হওয়া ভিডিও দেখে তাঁকে সেনাবাহিনীতে চাকরি পেতে সাহায্য করবেন বলে আশ্বাস দিলেন এক প্রাক্তন সেনা আধিকারিক।
গতকাল, সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন পরিচালক বিনোদ কাপরি। ওই যুবকের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, প্রদীপ নামের ওই যুবক তাঁর কাজ শেষ হয়ে গেলে নয়ডার সেক্টর ১৬-এর কর্মস্থল থেকে নিজের বাড়ি বারোলা পর্যন্ত দৌড়ন। এই দুই জায়গায় দূরত্ব ১০ কিলোমিটার।
ভিডিওতে দেখা যায়, বিনোদ কাপরি যুবককে তাঁর গাড়িতে চাপার জন্য অনুরোধ করেন, কিন্তু ওই যুবক তাতে না করে দেন। তিনি জানান যে সকালে তিনি সময় পাবেন না, তাই তাঁকে এখনই দৌড়তে হবে। কিন্তু কেন রোজ রোজ এতটা দূরত্ব দৌড়ন তিনি? উত্তরে প্রদীপ জানান যে তিনি ভারতীয় সেনায় যোগ দিতে চান।
এই ভিডিও চোখে পড়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়ার। গতকাল, সোমবার তিনি টুইট করে জানান যে প্রদীপকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে সাহায্য করবেন তিনি। সেনাকর্তা টুইটে লেখেন, “যুবকের নিষ্ঠাকে কুর্নিশ জানাই। ও যাতে নিজের যোগ্যতাতেই সেনার প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল করে সেই বিষয়ে ওকে সাহায্য করব। আমি কুমাউন রেজিমেন্টের কর্নেল লেফটেন্যান্ট জেনারেল রানা কলিতার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি তাঁর রেজিমেন্টে নিয়োগের জন্য ছেলেটিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সাহায্য করবেন। জয় হিন্দ”।
প্রদীপের এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তাঁর প্রশংসা করেছেন। তাঁর এই অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানিয়েছেন সকলে। আবার পরিচালক বিনোদ কাপরিরও প্রশংসা করেছেন নেটিজেনরা প্রদীপের কাহিনী জনসমক্ষে তুলে ধরার জন্য। সকলেই প্রদীপের সাফল্য কামনা করেছেন।






