রাস্তা নাকি কার্পেট? হাত দিয়ে টান মারতেই উঠে চলে এল পিচের নতুন রাস্তা, ভিডিও করে ক্ষোভ জারি গ্রামবাসীদের

কার্পেটের মতো কিছু একটা বিছানো। আর তার উপর পিচ আর স্টোনচিপ ঢেলে বানানো হয়েছে পাকা রাস্তা। ঝাঁ চকচকে সেই রাস্তা যে পুরোটাই ভুয়ো, তা ধরে ফেললেন গ্রামবাসীরা। রাস্তা ধরে টান দিতেই চাদরের মতো তা উঠে চলে এল। এমন কাণ্ড দেখে রীতিমতো হতবাক সকলে। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল। যদিও খবর ২৪৭ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

এই ঘটনাটি মহারাষ্ট্রের জালনা জেলার কারজাত-হাস্ত পোখারিতে। ফ্রি প্রেস জার্নাল-এর এক প্রতিবেদনে এই বিষয়ে বলা হয়েছে, এই রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের অধীনে বানানো হয়েছিল। আর নতুন রাস্তার এমন দশা দেখে অবাক হয়েছেন সকলেই।

গ্রামবাসীদের দাবী, যে ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি নাকি এই রাস্তা তৈরিতে জার্মানির প্রযুক্তি ব্যবহার করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু রাস্তা বানানোর পর সেটির আসল চেহারা বেরিয়ে আসে। নতুন রাস্তার বেহাল দশা দেখে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়ায়।

এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এই রাস্তা নিয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। রাস্তার এমন হাল দেখিয়ে এক ঠিকাদারের কাজ নিয়ে সমালোচনা করছেন তারা। এরপরই রাস্তা ধরে এক টান মারেন তারা। আর দেখা যায়, পিচঢালা সেই রাস্তার নীচে কার্পেটের মতো কিছু বিছানো আর টান মারতে তা উঠে চলে আসে হাতে। সেই কার্পেটের উপরেই স্টোনচিপ আর পিচ ঢেলে রাস্তা বানানো হয়েছিল।

RELATED Articles