বর্তমানে সোশ্যাল মিডিয়া অর্থ উপার্জনের একটা বড় মাধ্যম হয়েছে বৈ কী! আর তাই এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য লোকজন কত কিছুই না করে থাকেন। কেউ ৩০০ কিলোমিটার বেগে বাইক নিয়ে ছুটছেন তো কেউ আবার জীবনের পরোয়া না করেই প্লেন থেকে ঝাঁপ দিয়ে সেই প্লেন ইচ্ছা করে ক্র্যাশ করাচ্ছেন।
এমন নানান ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের চারপাশে। এবার এই ভাইরাল হওয়ার জন্যই স্কুটি চালাতে চালাতে স্নান করলেন এই তরুণী-তরুণী। এই ভিডিও পোস্ট করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করান এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ভিডিও দেখে পুলিশের তরফেও জানানো হয়েছে যে এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন তারা।
সোশ্যাল মিডিয়ার একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটারে। ভিডিওতে দেখা গিয়েছে, স্কুটির পিছনে সবুজ বালতি কোলে নিয়ে এক তরুণী বসে রয়েছেন। আর স্কুটিটি চালাচ্ছেন এক তরুণ।
এতদূর সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎই দেখা যায় বালতি থেকে মগ দিয়ে নিজের মাথায় জল ঢালছেন ওই তরুণী। নিজের মাথাতেই নয়, তরুণের মাথাতেও জল ঢালছেন তিনি। আর দু’জনের কারোর মাথাতেই হেলমেট নেই।
এই ভিডিওটি থানের উলহাসনগরের, একথা ভিডিওর পোস্ট করে ক্যাপশনে জানানো হয়েছে। এই ভিডিও পোস্ট করে তাতে মহারাষ্ট্রের ডিজিপি ও থানে পুলিশকে ট্যাগ করা হয়েছে। থানে পুলিশের তরফে জানানো হয়েছে যে এই বিষয়টি তারা থানের ট্র্যাফিক কন্ট্রোল রুমকে জানিয়েছে। এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
জানা যাচ্ছে, ওই ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে, তার নাম আদর্শ শুক্ল। পেশায় একজন ইউটিউবার তিনি। এই ভিডিও নিতে চর্চা শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের এই কাজের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি যে হেলমেট পরেন নি, তা নিয়ে ক্ষমাও চেয়েছেন ওই ইউটিউবার। তিনি জানান, ট্রাফিক আইন ভাঙার জন্য যা জরিমানা দিতে হয়, তা তিনি দিতে রাজি।





