রাজ্য পুলিশে ভরসা নেই, ইডির আবেদনে সাড়া দিয়ে সন্দেশখালি মামলায় সিবিআই-কেই তদন্তের দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট

ইডির আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। সন্দেশখালি মামলার তদন্তভার সিবিআই-কেই দিল কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার এই নির্দেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এদিনই শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় সংস্থার হাতে।  

সন্দেশখালি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় ইডি। সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দিলল এদিন ডিভিশন বেঞ্চ। গত ৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডিকে। সেই মামলার তদন্তে যে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ সিঙ্গল বেঞ্চ দিয়েছিল, সেই নির্দেশকে আজ, মঙ্গলবার খারিজ করে দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

শুধুমাত্র এই মামলাই নয়, জানা গিয়েছে, ন্যাজোট ও বনগাঁ থানার মোট তিনটি অভিযোগের তদন্তের দায়িত্বও এদিন সিবিআইকে দিয়েছে হাইকোর্ট। এর মধ্যে ন্যাজোট থানায় দায়ের হয়েছিল ৫ জানুয়ারি ইডির উপর হামলার মামলা।

সন্দেশখালি ঘটনার মামলায় তদন্তের জন্য এর আগে হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যাতে রাজ্য পুলিশের এসপি ও সিবিআইয়ের এসপি পদমর্যাদার আধিকারিককে নিয়ে সিট গঠন করে তদন্ত করা হয়। এই বিশেষ তদন্তকারী দলের সদস্যের জন্য আইপিএস অফিসার জসপ্রীত সিংয়ের নাম আদালতে জমে দেয় রাজ্য। কিন্তু ইডি চেয়েছিল,শুধুমাত্র সিবিআই-ই তদন্ত করুক এই মামলায়। সেই প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় তারা।

ইডির আবেদন ছিল, সন্দেশখালি কাণ্ডের তদন্ত যাতে শুধুমাত্র সিবিআই-ই করে। সন্দেশকখালিতে আক্রান্ত হওয়ার পর তাদের আর রাজ্য পুলিশে ভরসা নেই বলে জানায় তারা। তথ্য বিকৃতি হতে পারে, এই আশঙ্কাও করে ইডি। সেই কারণেই তাদের দাবী ছিল যাতে সন্দেশখালি মামলায় সিবিআই বা কোনও নিরপেক্ষ সংস্থা তদন্ত করে। ইডির সেই আবেদনেই সাড়া দিয়ে এবার সন্দেশখালি মামলায় সিবিআইকে যুক্ত করল হাইকোর্ট।     

RELATED Articles