বিহার শেষে বাংলায় আসন্ন বিধানসভা ভোটে নজর দেশের। একইসঙ্গে নজর দেশের তামাম রাজনৈতিক দলগুলির। বিহারে বেশ ভালো ফল করার পর এবার আসাদউদ্দিন ওয়েইসির (asaduddin owaisi) দল AIMIM পা রাখতে চলেছে বাংলায়। আগে থেকেই বেশ বড়সড় হুমকি দিয়ে রেখেছে তাঁরা।
তবে বাংলায় ওয়েইসির মিম কে বিজেপির বি টিম বলে আক্রমণ শুরু করেছে অন্যতম বিরোধী বাম-কংগ্রেস ও শাসক তৃণমূল। তাদের দাবি, সংখ্যালঘু ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতেই রাজ্যে আসছে মিম। যদিও এই দাবি উড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি স্পষ্ট জানান, গণতান্ত্রিক দেশে কেউ ভোটে লড়তে চাইলে বাধা দেব কী করে?
দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, ‘বিজেপিতে এখনো আস্থা খুঁজে পান না মুসলিমরা। তবে ধীরে ধীরে প্রবণতা বদলাচ্ছে।’ সঙ্গে তাঁর দাবি, ‘মিম রাজনৈতিক দল। সাংবিধানিক অধিকারেই বাংলায় এসে কাজ করলে কেউ মানা করতে পারবে না।’
একই সঙ্গে তিনি জানান, মুসলিম ভোট আমরা নিয়ন্ত্রণ করি না। এই রাজ্যের মুসলিমরা বিজেপিকে ভোট দেন না। অন্য রাজ্যের কথা বলতে পারব না। যদি এখানকার মুসলিম ভোটাররা সিপিএম, কংগ্রেস, তৃণমূলকে না দিয়ে অন্য কাউকে দেন, তাহলে ধরে নিতে হবে তারা ধোঁকা দিয়েছে। সে কারণেই বিকল্প খুঁজছেন মুসলিমরা’।
ইতিমধ্যেই, বাংলায় মুসলিম প্রধান অন্তত ৪টি জেলায় প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে মিম। এর মধ্যে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে ৫টি আসন দখল করেছে মিম। ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে ভোটে লড়াই করার সিদ্ধান্ত জানিয়েছে তারা।





