‘খবর ২৪×৭’-এর তরফে বর্জন করা হলো চীনা অ‍্যাপ। দেশের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর আমরা!

বিগত এক বছর ধরে আমরা ‘খবর ২৪×৭’ নিউজ পোর্টালে আপনাদের সততা ও নিষ্ঠার সঙ্গে খবর পরিবেশন করে যাচ্ছি। আমরা দিনকে দিন বলতে জানি আর রাতকে রাত। আমরা অনেক বিরোধিতার সম্মুখীন হয়েছি। কিন্তু এই কয়েকটা মাসে আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও উদ্যমের সঙ্গে কাজ করতে সাহস জুগিয়েছে।

আপনারা সকলেই অবগত একটি বিষয়ে যে গত কয়েকদিন ধরে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় ঠিক কী ঘটেছে। চীনা সেনা নিরস্ত্র ভারতীয় সেনার উপর বর্বরোচিত আক্রমণ হানে সোমবার মধ্যরাতে। আর তার জেরে শহিদ হন কুড়ি জন ভারতীয় জওয়ান। আরও দশ সেনাকে ধরে নিয়ে যায় চীন। তাঁদেরকে সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে। চীনা বিদেশমন্ত্রক কোন‌ওভাবেই এই ঘটনার দায় নিজেদের ওপর নিতে রাজি নয় বরং তাঁরা একতরফাভাবে ভারতের উপর দোষ চাপিয়েছে যে ভারতই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। আর তাই চীন ভারতের উপর আক্রমণ হানতে বাধ্য হয়েছে।

চীনের এই অযৌক্তিক দাবির বিরোধিতা করে গোটা দেশে শুরু হয়েছে চীনা দ্রব্য বর্জন। চীনের তৈরি করা কোন‌ও দ্রব্য বা অ্যাপ্লিকেশন ভারতীয়রা আর কোনও ভাবেই ব্যবহার করতে রাজি নয়। আর সেহেতু আমরা ‘খবর ২৪×৭’ একটি ভারতীয় নিউজ পোর্টাল হিসেবে আমাদের দায়িত্ব বর্তায় নিজেদের দেশের সম্মান বহির্বিশ্বের কাছে রক্ষা করা।

চীনের এই নৃশংস আচরণকে আমরা তীব্র নিন্দা করি। আর সেই জন্যেই আমাদের এডিটোরিয়াল টিম থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আমরা চীনের কোনও অ্যাপ আর ব্যবহার করব না। চীনের তৈরি করা অ্যাপ টিকটক (TikTok) ও হ্যালোতে (Helo) আমাদের অ্যাকাউন্ট ছিল। আমরা সেখানে প্রায়ই আমাদের কনটেন্ট পোস্ট করতাম। কিন্তু আজ থেকে আমরা চীনের তৈরি করা এই দুটি অ্যাপে আমাদের কোন কনটেন্ট পোস্ট করব না। আমাদের এডিটোরিয়াল টিম সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা কোনও রকম চীনা সার্ভিস বা চীনা প্ল্যাটফর্ম ব্যবহার করা থেকে বিরত থাকব।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ থেকে সমীক্ষা করে জানানো হয়েছিল যে চীনের তৈরি করা ৫২ টি অ্যাপ থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ৫২ টি অ্যাপের তালিকায় টিকটক (TikTok) এবং হ্যালো (Helo) রয়েছে। আমাদের দেশের অধিকাংশ ডিজিটাল সংবাদমাধ্যম বর্তমানে টিকটক (TikTok) ও হ্যালোতে (Helo) নিজেদের কনটেন্ট পোস্ট করে থাকে। আমরা তাঁদের উদ্দেশ্যে অনুরোধ করছি যে আপনারাও এই দুটি প্ল্যাটফর্ম-সহ সমস্ত চীন অ্যাপের ব্যবহার থেকে বিরত থাকুন। আপনারা যদি হ্যালোতে আপডেট না দেন তাহলে আপনাদের পাঠকরাও আর হ্যালো ব্যবহার করবেন না। নিজেদের পাঠকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার স্বার্থে আপনারা এই পদক্ষেপ নিতেই পারেন।

আমাদের কাছে দেশ সবার আগে, দেশের সুরক্ষার জন্য ও দেশকে ভালবেসে আমরা এই পদক্ষেপ নিলাম। আপনারাও আমাদের আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসুন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment