বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে আসাম সরকারের তরফ থেকে গ্রেফতারের নির্দেশিকার প্রতিবাদে আজ বিকাল চারটে নাগাদ বাংলা পক্ষের সহযোদ্ধারা আসাম ভবনের সামনে প্রতিবাদ জানাবে বলে জানা গিয়েছে বাংলা পক্ষের তরফ থেকে।
শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গর্গ চট্টোপাধ্যায় বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সম্প্রতি গর্গ টুইটারে টুইট করেছিলেন যে অহম ও সুকফা সম্প্রদায়ের মত চীনা অনুপ্রবেশকারীদের আসাম সরকার তোল্লাই দিচ্ছে কেন? বিজেপি শাসিত আসাম সরকার চীনা হানাদারের মূর্তি স্থাপন করতে চলেছেন বলে টুইট-এ উল্লেখ করেছেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা। এরপরে ভাস্কর গগৈ নামে এক ব্যক্তি ডিব্রুগড় থানায় গর্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার গর্গকে গ্রেফতারের নির্দেশ দেয় আসাম সরকার এবং আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের একটি দল শুক্রবারে কলকাতায় রওনা দেয় গর্গকে গ্রেফতার করার উদ্দেশ্যে।
এই ঘটনায় প্রতিবাদে ফেটে পড়ে বাংলা পক্ষের সহযোদ্ধারা। শুক্রবার সন্ধ্যায় আসাম ভবনের সামনে গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বাংলাপক্ষের সহযোদ্ধারা।
এই বিষয়ে বাংলা পক্ষের সহযোদ্ধা কৌশিক মাইতি জানিয়েছেন, “কিছুদিন আগেই আসামে নাগরিকপঞ্জি করে বাঙালিদের ওপর চরম অন্যায় করা হয়েছে। বাঙালি কিছু বলতে গেলে তাদেরকে হত্যা ও গ্রেপ্তার করা হচ্ছে দশকের পর দশক ধরে। এর বিরুদ্ধে বাংলাপক্ষ প্রতিবাদ করছে। যার কারণে আজ আমরা অসমীয়া জাতিবাদীদের চক্ষুশূল হয়ে গিয়েছি। কিন্তু আমরা এ জাতীয়তাবাদীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখব।”
আজ ২০শে জুন বিকেল ৪টে নাগাদ আসাম ভবনের সামনে এক প্রতিবাদী কর্মসূচী গ্রহণ করতে চলেছে বাংলাপক্ষ। পাশাপাশি, এই গ্রেফতারি রুখতে বাংলাপক্ষ রাজ্য সরকারের কাছেও আবেদন করেছে বলে জানা গিয়েছে।





