রাজনীতিতে রংয়ের গুরুত্ব অসীম। লাল মানেই বিপ্লব, সংগ্রাম। নীল-সাদা মানে শাসকদলের প্রতীক। কিন্তু যদি কোনও চিরাচরিত লাল দলের ফেসবুক পেজেই হঠাৎ নীল-সাদার আধিক্য দেখা যায়? এমন ঘটনা ঘটল পশ্চিমবঙ্গ সিপিআই(এম) -এর অফিসিয়াল ফেসবুক পেজে! আর তারপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক, ট্রোলিং, রাজনৈতিক বাকযুদ্ধ।
একদিকে আসন্ন লোকসভা নির্বাচন, অন্যদিকে রাজ্যে বিরোধী শক্তি হিসেবে বামেরা ফের নিজেদের সংগঠিত করার চেষ্টায়। ঠিক এই পরিস্থিতিতে দলের ডিজিটাল প্রচারে এমন রং বদলের কারণ কী? কৌশলগত পদক্ষেপ, নাকি নিছক ভুল সিদ্ধান্ত? নিন্দুকরা বলছেন, বামেদের এই পরিবর্তন তাদের আদর্শগত দিক থেকেও একধাপ পিছিয়ে যাওয়ার ইঙ্গিত। আবার কেউ বলছেন, যুগের সঙ্গে তাল মেলাতেই এই নতুন ডিজিটাল উপস্থাপনা। তবে বিতর্ক থেমে নেই, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হচ্ছে।
শনিবার (২২ মার্চ) হঠাৎ করেই CPI(M)-এর অফিসিয়াল ফেসবুক পেজের ডিপি বদলে যায়। নতুন প্রোফাইল পিকচারে দলের প্রতীক কাস্তে-হাতুড়ির রং সোনালী-হলুদ করা হয়েছে, আর এর পটভূমিতে রয়েছে শরতের নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ। শুধু ডিপি নয়, কভার ফটোতেও চোখে পড়ছে নীল-সাদা আকাশের আধিপত্য। তবে সেখানে লাল রঙের কিছু উপস্থিতি রয়েছে, সঙ্গে রয়েছে ‘ব্রিগেড চলো’ কর্মসূচির প্রচার। এই রঙের পরিবর্তন ঘিরেই শুরু হয়েছে আলোড়ন। কারণ, বাংলার রাজনীতিতে নীল-সাদা মানেই তৃণমূল কংগ্রেস! তাহলে কি CPI(M) নিজেদের চিরাচরিত লাল রং থেকে সরে আসছে? নাকি নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে? সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নে চলছে তুমুল আলোচনা।
আরও পড়ুনঃ বৃষ্টি নেই, তাপমাত্রা বাড়ছে! আবার কবে মিলবে স্বস্তি? জানালো হাওয়া অফিস!
এই ঘটনা নিয়ে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এতদিন ওরা নীল-সাদাকে ব্যঙ্গ করত, আর আজ নিজেরাই সেই রঙে নিজেদের মুড়ে ফেলল! এটা আসলে ওদের বাংলার রক্তাক্ত অতীত ভুলে যাওয়ার প্রচেষ্টা।” বিজেপি অবশ্য বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি, তবে তাদের কিছু সমর্থক ব্যঙ্গ করে লিখেছেন, ‘বামেরাও এখন দিদির পথে!’ তবে CPI(M) নেতৃত্ব এসব কটাক্ষ উড়িয়ে দিয়ে বলেছে, “রং কারও একার সম্পত্তি নয়। আমাদের প্রতীকের মধ্যে লাল এখনও আছে। আর সোনালী মানেই শুভ বার্তা।” দলের তরফে আরও জানানো হয়েছে, ‘প্রতীকের রঙের পরিবর্তন মানেই আদর্শের পরিবর্তন নয়, বরং নতুন যুগের সঙ্গে তাল মেলানো।’
সিপিআই(এম)-এর এই নতুন ডিজিটাল লুক ইতিমধ্যেই ভাইরাল। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিপি এবং কভার ফোটোতে যথাক্রমে ৯,১০০ এবং ১,৯০০-এর বেশি রিঅ্যাকশন এসেছে। কমেন্টের সংখ্যা ১,১০০ ছাড়িয়েছে। কেউ বলছেন, ‘লাল পার্টির লাল রংই নেই!’ আবার কেউ মজা করে লিখেছেন, ‘গোল্ড স্যালুট!’ কেউ কেউ রোম্যান্টিক কবিতার লাইন তুলে দিচ্ছেন, কেউ আবার সরাসরি প্রশ্ন করছেন, ‘এ কি নতুন বামপন্থা?’ সব মিলিয়ে রং বদলের এই রাজনীতি এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক!





