বাংলায় ভোট মানচিত্রে বিলুপ্ত বাম! কেরলে গড় রক্ষা বিজয়নের

এবারে আইএসএফ ও কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়তে নেমেছিল ৩৪ বছর বঙ্গ শাসন করা দল সিপিএম। এই বিধানসভা নির্বাচনে একটিও আসন পায় নি বাম দল। লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে সংযুক্ত মোর্চাকে। বাংলার রাজনীতির মানচিত্রে থাকলেও ভোটের রাজনীতি থেকে কার্যত উধাও সিপিএম।

কিন্তু এই দলটার‌ই সম্পূর্ণ অন্যরকম অবস্থা দেশের অন্য একটি রাজ্য কেরলে। বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণিত করে কেরলে ফের সরকার গড়ার পথে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ।

এদিন গননার ফল প্রকাশ শুরু হতেই কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে যায় এলডিএফ। শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পেরিয়ে ৯৫টি আসনে জয়ী বা এগিয়ে থেকে কেরলে লালদুর্গ বাঁচালেন পিনারাই বিজয়ন। ১৪০ আসন বিশিষ্ট কেরল বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১। সেই সংখ্যার ধারের কাছেও যেতে পারেনি কংগ্রেস। মাত্র ৪৪-এই আটকে যায় কংগ্রেস শিবির। অপরদিকে প্রাথমিক গণনায় বিজেপি চারটি আসনে জিতলেও শেষ পর্যন্ত খাতা বন্ধই থাকে l

গতবছরের করোনা মহামারীতে ব্যাপক প্রশাসনিক ক্ষমতা দেখানোতেই এই বিশাল  পরিমাণ ভোট নিয়ে জয়লাভ সিপিএমের বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে কেরলে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাঝেই বাংলায় মুখ পুড়েছে বামেদের। একটিও আসন না পেয়ে বাংলায় অভূতপূর্ব ভরাডুবি বামেদের।

RELATED Articles