ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তার চোখ রাঙানি শুরু হয়ে গিয়েছে। কৃষক থেকে মৎসজীবী—সকলের কপালে চিন্তার ভাঁজ। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশাখাপত্তনম থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই এটি আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসবে বলে পূর্বাভাস। মঙ্গলবার বিকেল বা রাতে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার কাছে স্থলভাগে আছড়ে পড়তে পারে মন্থা। তখন ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৌসম ভবন জানিয়েছে, এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে ওড়িশা এবং ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও এর অস্থির প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, যা ধীরে ধীরে ভারী বৃষ্টিতে রূপ নেবে। বিশেষত জগদ্ধাত্রী পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে কঠোর সতর্কতা। আজ থেকেই গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন, তাদের ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে সমুদ্র থাকবে উত্তাল, তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া একেবারেই নিষেধ।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতির মুখে পড়তে পারে ফসলও। উপকূলীয় অঞ্চলের পাকা ধান ও শীতকালীন ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। কৃষকদের যত দ্রুত সম্ভব ক্ষেত থেকে ফসল তুলে ফেলতে পরামর্শ দিয়েছে মৌসম ভবন।
কলকাতার আকাশ আজ রৌদ্রোজ্জ্বল থাকলেও সোমবার রাত থেকে পরিবর্তন শুরু হবে। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হতে পারে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমলেও আকাশ মেঘলা থাকতে পারে।
আরও পড়ুনঃ Connman Arrested: ১৩টি রাজ্যের পুলিশের চোখে ধুলো, বন্ধুত্বের ছলেই কোটি টাকার লুট—অবশেষে বিধাননগর পুলিশের ফাঁদে পড়ল প্রতারক!
সংক্ষেপে, ‘মন্থা’ এখনই বিপজ্জনক নয়, তবে শক্তি ক্রমেই বাড়ছে। তাই সতর্ক থাকাই এখন সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।





