বিগত কয়েক বছরের মতো ফের আইএসএল এর প্রথম ম্যাচ হেরে আইএসএল এর অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলা ছিল পুরোই ছন্নছাড়া। মাঝমাঠের দখল নিতেই পারেনি প্লেয়াররা। ‘আনফিট’ মনে হয়েছে দলটাকে। বরং দ্বিতীয়ার্ধের কিছুটা সময় একটু হলেও ভালো খেলেছে ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভা,পি ভি বিষ্ণু, আমন সি কে, মাদিহ তালালরা কিছুটা হলেও চঞ্চল হয়ে ওঠে মাঠে। তবে শেষ রক্ষা হল না। ১-০ গোলে হেরে ফের ফের একবার আইএসএল এর অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। এই ম্যাচের পর কোচ কার্লস কুয়াদ্রাতের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই। পরের ম্যাচ গুলো ভালো না করলে ক্রমশ চাপ বাড়বে তার উপর। তাতে মাঠের খেলায় প্রভাব পড়তে পারে ইস্টবেঙ্গলের।
বেঙ্গালুরু কিছুটা গুছিয়ে নিয়ে খেলা শুরু করায় প্রথমার্ধের শুরুর ১০ মিনিটেই দুটো হলুদ কার্ড দেখে নেয় ইস্টবেঙ্গলের নন্দকুমার এবং লালচুননুঙ্গা। ১২ মিনিটের মাথায় জিকসনের দুরপাল্লার শট পরাস্ত করতে পারেনি। ১৮ মিনিটের মাথায় ব্যাঙ্গালুরুর মেন্ডেজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের কিছু সময় পর থেকেই যেন ইস্টবেঙ্গলের প্লেয়ারদের দেখে আনফিট মনে হতে শুরু করে। বারে বারে ফাউল করতে থাকে ব্যাঙ্গালুরুর প্লেয়ারদের। এই সুযোগেই মাঝমাঠের দখল নেয় ব্যাঙ্গালুরু। ২৪ মিনিটের মাথায় ফের হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের হেক্টর য়ুতসে।
২৬ মিনিটের মাথায় মেন্ডেজের সাজিয়ে দেওয়া বল ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দেন ভিনিথ। মাঝমাঠের খেলা দানা বাঁধল না ইস্টবেঙ্গলের। দিয়ামানতাকোস বলই পেলেন না। হিজাজি মাহের বক্সের বাইরে ফাউল করে বসেন ভিনিথকে। তবে সুনীল ছেত্রী ফ্রিকিক বাইরে মারেন। নন্দকুমার, মহেশ ,ক্রেসপো চেষ্টা করেও প্রথমার্ধে সমতায় ফেরাতে পারেননি। ৩ মিনিট অতিরিক্ত সময় শেষ হলে ১-০ এ পিছিয়ে শেষ করে ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫১ মিনিটের মাথায় সুযোগ চলে এসেছিল নন্দকুমারের কাছে। তবে গুরপ্রীতের হাতে লেগে বল বাইরে গেলেও রেফারি গোলকিক দেন। এরপরই নুনেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হিজাজি মাহের । ব্যাঙ্গালুরুর মেন্ডেজের শট বাঁচিয়ে দেন লাল হলুদের গোলকিপার গিল। ৫৫ মিনিটের মাথায় দিয়ামানতাকোসের পরিবর্তে মাঠে আসেন মাদিহ তালাল। বিক্ষিপ্তভাবে দুই দলই আক্রমণ করলেও গোল আসে নি।
৭১ মিনিটের মাথায় জেতার জন্য অল আউট চলে যান ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। একসঙ্গে নামিয়ে দেন ক্লেটন সিলভা, পি ভি বিষ্ণুদের । এর ফলে কিছুটা হলেও ঝাঁঝ বাড়ে ইস্টবেঙ্গলের। আমন সি কে, বিষ্ণু,মাদিহ তালাল, ক্লেটনরা অনবরত চেষ্টা করতে থাকে গোলের মুখ খোলার। যখনই ইস্টবেঙ্গল মরিয়া চেষ্টা করতে থাকে গোলের তখন ইতিহাসই মিনিটের মাথায় ব্যাঙ্গালুরুর প্লেয়ার কে ফাউল করে রেড কার্ড দেখেন লালচুননুঙ্গা। রেফারি সিদ্ধান্তটা কিছুটা বিতর্কিত হওয়ায় তার প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা। অনবরত গোলের চেষ্টা করতে থাকলেও গোল আসে না ইস্টবেঙ্গল। ৮ মিনিট অতিরিক্ত সময় সেভাবে আর গোলের মুখ খুলতে পারেনা ইস্টবেঙ্গলের প্লেয়াররা। বেঙ্গালুরুও গোল সংখ্যা বাড়ানোর থেকে এক গোল বাঁচাতেই মন দেয়। অবশেষে হেরে গিয়েই ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়াম ছাড়ল ইস্টবেঙ্গল।





