রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন! রেশনের বদলে নগদ হস্তান্তরের পথে কেন্দ্র!

ভারতের (India) মতো বিশাল জনসংখ্যার দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রেশন ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়েছিল এই প্রকল্প। যদিও এর পরিকাঠামো ও কার্যকরিতার ক্ষেত্রে নানা সময়ে নানা প্রশ্ন উঠেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থার কাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে আভাস মিলছে। সরকার কীভাবে এই পরিবর্তন আনতে চায়, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

ভারতে রেশন ব্যবস্থা বহুদিন ধরেই সাধারণ মানুষের জন্য খাদ্য নিরাপত্তার অন্যতম ভরসা। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পরিচালিত এই ব্যবস্থা বহু পরিবারকে স্বস্তি এনে দিয়েছে। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্নও কম ওঠেনি। কখনও দুর্নীতি, কখনও জালিয়াতি, আবার কখনও পর্যাপ্ত সরবরাহের অভাবে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সম্প্রতি রেশন ব্যবস্থায় নতুন কোনও পরিবর্তন আনার চেষ্টা চলছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

মঙ্গলবার নীতি আয়োগের একটি বৈঠকে উঠে এল রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুকে তলব করে রেশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন নীতি আয়োগের একাধিক সদস্য। বৈঠকে প্রোগ্রাম ডিরেক্টর ড. যোগেশ সুরি সরাসরি প্রশ্ন তোলেন, রেশনের খাদ্যসামগ্রীর পরিবর্তে নগদ হস্তান্তর কি ভালো হবে? সাধারণ মানুষের কাছে এই প্রস্তাব নিয়ে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, তা জানতেই এই আলোচনা।

বিশ্বম্ভর বসু বৈঠকে জানান, রেশনের বদলে নগদ হস্তান্তর করলে সাধারণ মানুষকে খোলা বাজার থেকে খাদ্যসামগ্রী কিনতে হবে। এতে বাজারে মূল্যবৃদ্ধি ঘটলে তার প্রভাব কী হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে নীতি আয়োগের তরফে এই প্রশ্নের সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন বিশ্বম্ভর। পাশাপাশি রেশন ডিলারদের আয় বাড়ানোর জন্য উপভোক্তাদের কাছ থেকে কমিশন কেটে নেওয়ার প্রস্তাবও উঠে আসে এই বৈঠকে।

আরও পড়ুনঃ মেট্রো পরিষেবায় বিপত্তি! ভিড়ের চাপে দুর্ঘটনার কবলে দমদম! আহত মহিলা যাত্রী!

সরকারি প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে হস্তান্তর মোদি সরকারের অন্যতম পছন্দের উদ্যোগ। প্রধানমন্ত্রী কৃষকনিধি সম্মান প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। কেন্দ্রের দাবি, এই ব্যবস্থায় ভুয়া উপভোক্তাদের সমস্যা এড়ানো সম্ভব হয় এবং সরকারের খরচও বাঁচে। যদিও বিরোধীরা সরকারের এই পদক্ষেপকে ভোটারদের প্রভাবিত করার প্রচেষ্টা বলে মনে করে। এবার রেশন ব্যবস্থাতেও এই ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা কি সত্যি, তা নিয়ে নজর রাখছে গোটা দেশ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles