গ্রীষ্মের জৈষ্ঠ মাস মানেই জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীতে রমরমা জামাইদের। শ্বশুরবাড়িতে পাত পেড়ে খাওয়া থেকে শুরু করে উপহার পাওয়া বিরাট ব্যাপার। জামাইষষ্ঠীতে জামাইদের পাতে মাছ-মাংস, আম, লিচু, মিষ্টি কিছুই বাদ দেন না শাশুড়ীরা। জুন মাসের ১২ তারিখ জামাইষষ্ঠী। চলতি বছর জামাইষষ্ঠীতে বাঙালির প্রিয় হিমসাগর আমের (Himsagar Mango) অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আম চাষিরা। কালনা সহ সারা বাংলায় আমের ফলন এবারে কম হয়েছে। তার ওপর ঘূর্ণিঝড় রেমালের ভয়ে অনেক চাষিরাই আগেভাগে গাছ থেকে আম পেড়ে নিয়েছেন। ফলে বাজারে হিমসাগর আমের অভাব দেখা গিয়েছে।
জামাইষষ্ঠী মানেই , হিমসাগর আম (Himsagar Mango)

কালনা মহকুমার পূর্বস্থলী-২, পূর্বস্থলী-১, এবং কালনা-২ ব্লকে বিঘের পর বিঘে জমি জুড়ে রয়েছে আমের বাগান। পূর্বস্থলী-২ ব্লকে সবথেকে বেশি আমবাগান রয়েছে। সেখানকার বেশিরভাগ মানুষ আম চাষের সঙ্গে যুক্ত। হিমসাগর আম (Himsagar Mango) ও অন্যান্য প্রজাতির আমের সুনাম রয়েছে। রাজ্যে আম উৎসবেও পুরস্কার পেয়েছে হিমসাগর আম। তবে হিমসাগর আমের (Himsagar Mango) ফলন নিয়ে মাথায় হাত পড়েছে চাষিদের। চলতি বছর বাজারে হিমসাগর আম তেমন ভাবে দেখা যাচ্ছে না।
স্থানীয় এক আমচাষির মতে, ‘এবার এক হাজার গাছ লিজে নিয়েছিলাম। কিন্তু বেশিরভাগ গাছেই আম না-হওয়ায় ক্ষতির মুখে পড়েছি। বর্তমানে হিমসাগর আমের (Himsagar Mango) পাইকারি দর ৬০ টাকার মতো হলেও বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পরে আরও ভালো দর মেলার সম্ভাবনা থাকলেও রেমালে ক্ষতির আশঙ্কায় সব আম পেড়ে নিয়েছি।’ পূর্বস্থলীর অন্য এক আমচাষির মতে, ‘জামাইষষ্ঠীর সময়ে আমের চাহিদা বাড়ে। কিন্তু আমাদের এলাকায় গাছে আর তেমন আম নেই। তাই জোগানের অভাবে আমের দাম আরও চড়তে পারে।’ পূর্ব বর্ধমান জেলা উদ্যানপালন আধিকারিক সুদীপ কুমার ভকত বলছেন, “জেলায় এবার আমের ফলন বেশ কম। হিমসাগর আম (Himsagar Mango) একদমই কম হয়েছে। তবে বৃষ্টি যা হয়েছে তাতে আমের ক্ষতি তেমন কিছু হয়নি।”
আম চাষিদের মতে ঘূর্ণিঝড় না হলে দাম কমার সম্ভাবনা ছিল কিছুটা। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের জেরেই চাষিরা আগেভাগে আম পেড়ে নিয়েছে। তাই জামাইষষ্ঠীতে বাজারে আম জোগান দেওয়া দায় হয়ে পড়বে। বাজারে এখন হিমসাগর আমের (Himsagar Mango) দাম যাচ্ছে ১২০ টাকা প্রতি কেজি। জামাইষষ্ঠীর সময় এই দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে সাধারণ মানুষরা। তাই এবারে জামাইষষ্ঠীতে হিমসাগর আম (Himsagar Mango) জামাইয়ের পাতে তুলে দিতে নাজেহাল হয়ে পড়বে শ্বশুর-শাশুড়িরা। হিমসাগর আম (Himsagar Mango) জামাইয়ের পাতে তুলে দিতে চড়া দাম দিতে হবে।





