রবিবার হিউস্টনে ‘হাউডি মোদী’ তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন যে ‘হাউডি মোদী’ তে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি ভারত – মার্কিন সম্পর্কের এক দিকনির্ণায়ক মুহূর্ত। এরপরই নিউইয়র্কে মঙ্গলবার মোদীর এই প্রশংসা ফেরত দেওয়ার পালা চলে ডোনাল্ড ট্রাম্পের। তিনি নরেন্দ্র মোদীকে ‘ফাদার অফ ইন্ডিয়া’ এর তকমা দেন।
গত রবিবার হিউস্টনে ‘হাউডি মোদী’ এর অনুষ্ঠানে হাজির ছিল প্রায় ৫০০০০ প্রবাসী ভারতীয়৷ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই উপস্থিতিতে টুইট করে তাকে ধন্যবাদ জানান নমো। নমো লেখেন যে হাউডি মোদীতে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি ভারত – মার্কিন সম্পর্কের দিকনির্ণায়ক মূহুর্ত। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প ভারত এবং ভারতীয়দের বন্ধু হয়ে উঠেছেন। এই অনুষ্ঠানে তাই তাঁর উপস্থিতি ভারতীয় প্রতিনিধিদের প্রতি ট্রাম্পের সম্মান প্রদর্শন করে৷ আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়যুক্ত করার জন্য মোদী লিখেছেন “অব কি বার ট্রাম্প সরকার”৷
হিউস্টনে নমো এর এই প্রশংসাই নিউইয়র্কে সুদে আসলে ফেরত দিলেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে মঙ্গলবার প্রধানমন্ত্রী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর নরেন্দ্র মোদীকে প্রশংসায় ভরিয়ে তোলেম ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন যে, নরেন্দ্র মোদী একজন ভালো মানুষ এবং একজন মহান নেতা। ট্রাম্পের মতে আগে ভারতের অবস্থা বেশ খারাপ ছিল, নানান জায়গায় ছিল মানুষে মানুষে দ্বন্দ্ব৷ কিন্তু মোদী সবাইকে নিয়ে একজোটে কাজ করে চলেছেন। তাই নরেন্দ্র মোদীকে এদিন ‘ফাদার অফ ইন্ডিয়া’ তকমা দেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয় এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘এলভিস প্রেসলি’ বলেও আখ্যা দেন৷






