গত ৯ সেপ্টেম্বর থেকে নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরী এবং ভুল সংশোধনের কর্মসূচী শুরু হয়েছে। তা শেষ হওয়ার কথা ছিল আগামী ২৭ নভেম্বর। কিন্তু এই কর্মসূচী সমস্ত জেলায় নাগরিকের ভীড় উপচে পরায় এবারে এই কর্মসূচীর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।
আজ পশ্চিম মেদিনীপুরের ডেবরার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এই বর্ধিত সময়ের বিষয়ে। এদিন মুখ্যমন্ত্রী জানান যে নয়া ডিজিটাল রেশন কার্ড তৈরী এবং ভুল সংশোধনের জন্য যে কর্মসূচী নেওয়া হয়েছে তা প্রথম দফায় ২৭ সেপ্টেম্বর শেষ হয়ে গেলেও। ফের এই কর্মসূচীর কাজ দ্বিতীয় দফায় শুরু করা হবে ৫ নভেম্বর থেকে এবং তা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। মাঝে মহালয়া এবং পূজোর ছুটি থাকায় কর্মসূচীটিকে টানা জারি না রেখে তা প্রথম এবং দ্বিতীয় দফায় ভাগ করে নেওয়া হয়েছে।
আজ মুখ্যমন্ত্রী এই ঘোষণার পূর্বে অবশ্য খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গতকালই জানিয়েছিলেন যে ডিজিটাল রেশন কার্ডের এই সময়সীমা আরও বাড়ানো হবে। এরপরই আজ দ্বিতীয় দফায় প্রায় ১ মাস এই কর্মসূচীর সময়সীমা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটির দিন বাদে প্রত্যেক দিনই সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই সংশোধন করা হবে। কর্মসূচীটি জারি রয়েছে বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস এবং বোরো অফিসে।






