পুরুষ ওয়ার্ডে রোগী সামলাচ্ছেন মহিলা নার্স, এটাই সাধারণত চেনা দৃশ্য। কিন্তু এমন কোনো পোশাকে যদি সেই নার্স পরিষেবা দেওয়া শুরু করেন যেটা দেখে মনে হয় পুরুষ রোগীরা অস্বস্তিতে পড়েন বা অন্যকিছু প্রতিক্রিয়া দেন তাহলে তো বিপদ!
এবার এমন একটি ব্যতিক্রমী পোশাক পরে হাসপাতালে রোগীদের পরিচর্যা করতে দেখা গেল এক রাশিয়ান নার্সকে। পরনে স্বচ্ছ পিপিই। আর ভিতরে শুধুমাত্র অন্তর্বাস।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। ছবি দেখে তাজ্জব তামাম নেট দুনিয়া। উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ অবশ্য তারিফও করেছেন। তবে বেশিরভাগই জানিয়েছেন এটা একদম উচিত কাজ করেননি ওই নার্স।
জানা যাচ্ছে, রাশিয়ার মস্কো থেকে প্রায় ১২০ কিমি দূরের দক্ষিণ টুলা শহরের এক হাসপাতালে কর্মরত ওই নার্স। যিনি মূলত করোনা ওয়ার্ডেই ডিউটি দিচ্ছেন। সুরক্ষার স্বার্থেই তাঁকে পিপিই পরতে হচ্ছে। কিন্তু পিপিই স্যুটের নীচে শুধুই অন্তর্বাস পরে আসলেন ওই নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ কী বলছেন? হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। হাসপাতালের প্রধানের দাবি, অন্তর্বাস নয়, বরং স্যুইম স্যুট পরেছিলেন ওই নার্স। পিপিই স্যুট প্রচন্ড গরম হওয়ায় তিনি এই কাজ করেন বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পরে প্রবল সমালোচনা হওয়ায় অশালীন পোশাক পরে কাজ করায় ওই নার্সকে সাসপেন্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে নার্সের ওই পোশাকের ছবি নেটিজেনদের মধ্যে জোর বিতর্ক তৈরি হয়েছে। ওই তরুণীর রুচি নিয়েও প্রশ্ন তুলছেন। আবার অনেকেই বলছেন, পোশাক নিজের ইচ্ছামতো পরতেই পারেন ওই তরুণী।





