আমফান পরবর্তী পরিস্তিতি সামাল দিতে ব্যর্থ রাজ্য, আরও সেনা পাঠানো নিয়ে মোদীকে চিঠি অধীরের

গত বুধবার থেকে প্রায় এক সপ্তাহ সময় অতিবাহিত। এখনো রাজ্যগুলির অবস্থা খারাপ। কোথাও মানুষের কাছে ত্রাণ পৌঁছায়নি তো কোথাও জলের সংকট। কোথাও গাছ পড়ে রাস্তা বন্ধ। এবার বঙ্গকে পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরাতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে আরও সেনা পাঠানোর আর্জি জানিয়ে চিঠি লিখলেন বহরমপুরের সাংসদ তথা কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তবে রাজ্যের সহমতির ভিত্তিতেই প্রধানমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন অধীর।

অধীরবাবু লিখেছেন, ‘ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। এই ক’দিনে যার কোনও উন্নতি হয়নি। বিপর্যস্ত এলাকায় খাদ্য ও ত্রাণ ঠিক করে পৌঁছায়নি। কত জায়গায় খাবার জলের সাথে নোনাজল মিশে জলের সংকট দেখা দিয়েছে। তার ওপর জলে ভাসছে পশুর মৃতদেহ। যা থেকে সংক্রমণের প্রকোপও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিধ্বস্ত এলাকাগুলিতে এখনো বিদ্যুৎ ফেরেনি। এমনকী কলকাতারও বহু জায়গা বিদ্যুৎহীন। যার ফলে সাধারণ মানুষ-এর জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাত দিন ধরে বিদ্যুৎ না থাকায় অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থা আরও শোচনীয়।’

অধীরবাবুর দাবি, ‘পরিস্থিতি সামাল দিতে নাজেহাল রাজ্য প্রশাসন। এই অবস্থায় আপনার কাছে আমার অনুরোধ, রাজ্য সরকারের সহমতি নিয়ে পশ্চিমবঙ্গ ও বিশেষ করে কলকাতার অবস্থা স্বাভাবিক করতে আরও সেনা পাঠান।’

প্রসঙ্গত, গত বুধবার ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়ের তাণ্ডবে শুধু কলকাতা শহরেই ৫,০০০ গাছ ভেঙেছে। জল ও বিদ্যুতের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন। পরিস্থিতি মোকাবিলায় শনিবার বিকেল থেকে ময়দানে নেমেছে সেনা, NDRF, SDRF। কলকাতা ও লাগোয়া এলাকায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করছে তারা। তবে এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলই রাজ্য সরকারের চরম ব্যর্থতা নিয়ে বার বার সরব হয়েছে।

RELATED Articles

Leave a Comment