করোনা সারাবে মেথানল, ইরানে অন্ধ বিশ্বাসের জেরে মেথানল খেয়ে মারা গেলেন কয়েকশো মানুষ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস অতিমারির রূপ ধারণ করেছে। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লক্ষ, মারা গিয়েছেন ২৫ হাজারেরও বেশি। চীনের পর এশিয়া মহাদেশে ইরানে এখনও পর্যন্ত সাড়ে ৩২ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত ২ হাজার ৩৭৮ জন। পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে ইরানেই করোনার কারণে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও আন্তর্জাতিক মহলের আশঙ্কা, করোনা নিয়ে দেশের আসল ছবি প্রকাশ করছে না ইরান প্রশাসন।

এদিকে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে গুজব ও ভুয়ো খবর। সেই গুজবে কান দিয়ে প্রাণও হারাচ্ছেন অনেকে। ইরানে এই গুজবের জেরে মারা গেলেন প্রায় ৩০০ জন। সম্প্রতি গুজবের এক ভয়াবহ পরিণতি সামনে নিয়ে এল ইরান। করোনার হাত থেকে বাঁচতে গুজবের বশে বিষাক্ত রাসায়নিক খেয়ে ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। অসুস্থ হাজারেরও বেশি মানুষ। সরকারি হিসেবের চেয়ে বাস্তবে মৃত ও আক্রান্তের অনেকটাই বেশি বলে আশঙ্কা। সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, করোনার দাওয়াই হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল খাচ্ছেন অসংখ্য মানুষ। বিষাক্ত মেথানল মেশানো সেই অ্যালকোহল খেয়ে শ্বাসকষ্টে ভুগছেন অনেকে। অনেকে আবার অন্ধ, এমনকি কোমায় চলে গিয়েছেন। গুজব রটানোর জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করছে ইরান প্রশাসন।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি গাফিলতিই এই ভয়ঙ্কর বিপর্যয়ের কারণ। ভাইরাস মোকাবিলায় কঠোর পদক্ষেপ করতেও অনেক দেরি করে ফেলেছে তারা। তাই সরকারের উপর আর আস্থা নেই সেদেশের মানুষের। গুজব ও অন্ধ বিশ্বাসে ভর করেই বিষ পান করছেন ইরানের সাধারণ মানুষ। ফলস্বরূপ মারাও যাচ্ছেন। কী করে এই বিপর্যয় আটকানো যায় তাই ভাবছে ইরান সরকার।

RELATED Articles

Leave a Comment