সারা বিশ্ব এখন করোনার জেরে দুর্বার হয়ে যাচ্ছে। এরইমধ্যে এবার করোনার খবর পাওয়া গেল বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে। আপাতত সেখানে আক্রান্ত এক। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার অপর এক বাসিন্দাও করোনা আক্রান্ত বলে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই ক্যাম্পে ১০ লক্ষ্যের বেশি রোহিঙ্গা রয়েছে। যদি একবার ওই ভিড়ে কোনো মানুষ আক্রান্ত হয় তখন তা আর আটকানো সম্ভব নয়।
বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের এক মুখপাত্র ওই সংবাদসংস্থাকে জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের এক রিফিউজি সহ এক স্থানীয় করোনা আক্রান্ত। জানা যাচ্ছে, আক্রান্ত দুই ব্যক্তিই জনবহুল এলাকায় থাকেন। রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার মেহবুব আলম তালুকদার রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্তের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, “আপাতত সংক্রমিত দুই ব্যক্তিকেই আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।”
বাংলাদেশে এখনও পর্যন্ত করোনা পজিটিভের সংখ্যা ১৮,৩৬৩। যার মধ্যে মৃত্যু হয়েছে অন্তত ২৮৩ জনের। এই পরিস্থিতিতে শেখ হাসিনার সরকার ৩০ মে পর্যন্ত লকডাউন মেয়াদ বাড়িয়ে দিয়ে মহামারীর বিরুদ্ধে মোকাবিলা ঘোষণা করা হয়েছে।





