একদিকে করোনার জেরে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে অন্যদিকে আবার সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রভাব ছড়িয়ে পড়ছে আমেরিকাতে। তবে শুধু আমেরিকা নয় পাশাপাশি কানাডাতেও বাড়ছে এর প্রকোপ! আর এই সংক্রমণের প্রধান উৎস হিসেবে বিশেষজ্ঞরা পেঁয়াজকে দায়ী করছে।
আমেরিকা ও কানাডায় থমসন ইন্টারন্যাশনাল নামে একটি সংস্থার সরবরাহ করা লাল পেঁয়াজ থেকেই ছড়াচ্ছে সালমোনেলার সংক্রমণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই যে যে জায়গায় ওই সংস্থা পেঁয়াজ সরবরাহ করেছে সেখান থেকে মাল আবার ফেরত আনা হচ্ছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রভাব ছড়িয়েছে আমেরিকার ৩১টি রাষ্ট্রে। এই ব্যাকটেরিয়া সংক্রমণের কিছু উপস্বর্গ রয়েছে। যা এই ব্যাকটেরিয়া সংক্রামিত হওয়ার ৬ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে ক্রমশ প্রকট হতে থাকে। ৪ থেকে ৭ দিন পর্যন্ত এর প্রভাব লক্ষ্য করা যায়। এই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে সাধারণত জ্বর, ডায়রিয়া, পেটে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই ব্যাকটেরিয়া ৫ বছরের কম এবং ৬৫ বছরের অধিক বয়সের মানুষের বেশি ক্ষতি করে।
প্রসঙ্গত, মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (CDC) তরফে জানানো হয়েছিল, কিছুদিন আগে পোলট্রির হাঁস ও মুরগি থেকেও সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণ হচ্ছিল। ২০২০ সালে এখনও অবধি বিশ্বব্যাপী ৪২টি দেশে এই ব্যাকটেরিয়া সংক্রমণের খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৪০০ জন মানুষ। পাশাপাশি অনেকেই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





