ফের পাকিস্তান থেকে উঠে এল হিন্দুদের উপর অত্যাচার, মারধরের অভিযোগ। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, পাকিস্তানে এক হিন্দু পরিবারের উপর হামলা করেছে সেখানকার মুসলিমরা। ওই হিন্দু পরিবারকে বন্দি বানিয়ে রেখে তাদের মারধর করা হয়েছে বলে খবর। এই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রান্তে। অভিযোগ, সেখানকার এক হিন্দু পরিবার পাশের এক মসজিদ থেকে জল নিতে গেলে জল নিতে দেওয়া হয় না। আপত্তি তোলেন অনেকেই। তাদের মতে, হিন্দুরা জদ মসজিদ থেকে জল নেয়, তাহলে মসজিদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে।
পাকিস্তানে প্রকাশিত ডন পত্রিকার খবর অনুযায়ী, নির্যাতিত ওই হিন্দু পরিবার পঞ্জাবের রহিম ইয়ার খান শহরের বাসিন্দা। ওই পরিবারের তরফে জানানো হয়েছে যে তাদের পরিবারের এক সদস্য যখন পাশের মসজিদ থেকে জল আনতে যায়, তখন সেখানকার মুসলিমরা তাঁকে মারধর করে।
অভিযোগ, ওই পরিবার যখন বাড়িতে ছিল, সেই সময় একদল লোক এসে তাদের বন্দি বানায় ও মসজিদ থেকে জল নিতে গিয়ে মসজিদকে অপবিত্র করার অভিযোগ তুলে মারধর শুরু করে। পরিবারের তরফে দাবী করা হয়েছে যে হামলাকারীরা ইমরান খানের দলের সঙ্গে যুক্ত থাকায় পুলিশ তাদের অভিযোগ দায়ের করতে অস্বীকার করে।
পুলিশ অভিযোগ না নিতে চাইলে থানার বাইরেই ধর্নায় বসেন ওই নির্যাতিত হিন্দু পরিবারের সদস্যরা। এরপর ডিসট্রিক্ট পিস কমিটির সদস্যরা এই ঘটনায় পদক্ষেপ নেন ও তাদের সাহায্যেই থামায় অভিযোগ দায়ের করা সম্ভব হয়। পুলিশ জানিয়েছে যে এই মামলার তদন্ত চালাচ্ছে তারা।





