পাকিস্তানের করাচিতে রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে হিন্দুদের, উঠল অভিযোগ

এবার পাকিস্তানে ধর্মভিত্তিক বৈষম্যের শিকার হলেন হিন্দুরা। করোনা ভাইরাসের জের ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত লক্ষেরও বেশি মানুষ। মারা গিয়েছেন ৩৩ হাজার। ভারতে আক্রান্তের সংখ্যা ১০০০ পেরিয়েছে। পড়শি দেশ পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁয়েছিল বহু আগেই। এবার করাচিতে হিন্দুদের খাবার ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠল। 

সম্প্রতি করাচির রেহরি গোথ নামে একটি জায়গায় হিন্দুদের খাবার ও অত্যাবশ্যকীয় পণ্য দেওয়া হচ্ছে না। সিন্ধ প্রদেশের সরকার স্থানীয় প্রশাসনকে এই কঠিন পরিস্থিতিতে নির্দেশ দেয় যেহেতু পাকিস্তানে এখন লকডাউন চলছে, তাই তারা দৈনিক শ্রমিক ও গরীব মানুষদের রেশন দান করা শুরু করে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও যাতে সরকারকে এই কাজে সহায়তা করে, তার অনুরোধ জানায় সিন্ধ প্রদেশের সরকার।

এই রেশন দেওয়ার কাজ শুরু হওয়ার পর দেখা দেয় সমস্যা। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা অভিযোগ করেন, হিন্দু বলে তাদের রেশন দেওয়া হচ্ছে না। যারা রেশন দিচ্ছেন তারা বলেছেন এটা শুধু মুসলিম ধর্মাবলম্বীদের জন্যই। হিন্দুরা পাবেন না। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই হইচই পড়ে যায় গোটা বিশ্বে। এই রেশন দেওয়া শুরু হয়েছিল জেলা ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে। এই পরিস্থিতিতে কী করে হিন্দু মুসলমান বিভাজন করতে পারে প্রশাসন, তাই নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। প্রায় ৩০০০ জন মানুষ একত্রিত হয়েছিলেন রেশন নিতে, সেখান থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে যাচ্ছে। কারণ এদের জন্য কোনো স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ছিল না। এদিকে পাকিস্তানে আক্রান্তের সংখ্যা ১৫৫৯ জন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মূলত লিয়ারি, সাচাল গোথ ও করাচির বিভিন্ন জায়গায় হিন্দুদের সঙ্গে এই ব্যবহার করা হচ্ছে।

ডঃ আমজাদ আয়ুব মির্জা নামে এক রাজনৈতিক অধিকারকর্মী এই ব্যাপারে ভারত সরকারকে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানে মাইনরিটিরা প্রবল অসুবিধার মধ্যে রয়েছেন। তারা প্রয়োজনীয় খাবার ও জল কিছুই পাচ্ছেন না। ভারত সরকার যাতে রাজস্থানের মধ্যে দিয়ে সিন্ধ প্রদেশে রেশন পাঠায় তার জন্যেও আবেদন করেছেন তিনি। সিন্ধ প্রদেশে এক কোটিরও বেশি হিন্দু বসবাস করেন। তাঁদেরকে উদ্ধার করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন ডঃ আমজাদ।

RELATED Articles

Leave a Comment