বৈশ্বিক মহামারী করোনাকে নিয়ে যেখানে আতঙ্কিত সমগ্র বিশ্ব। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখলে ‘হু’ যেখানে বলছে তড়িঘড়ি টেস্ট করাতে, সেখানে পাক প্রধানমন্ত্রীর পরামর্শ, “বাড়িতেই থাকুন, হাসপাতালে আসার প্রয়োজন নেই।”
ইমরান খানের দাবি, ‘করোনা এক ধরনের ফ্লু। ৯৭ শতাংশ ক্ষেত্রেই তা সেরে যায়। ৯০ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে স্রেফ কাশি, সর্দির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ। বাকি ৪-৫ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়।’
সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিও বার্তায় ইমরান খান বলেছেন, ‘আমেরিকার মতো বিত্তশালী দেশেও এতো মানুষকে একসঙ্গে চিকিৎসা করানোর মতো পরিষেবা নেই।’ নিজের দেশ পাকিস্তানের স্বাস্থ্য পরিকাঠামোও যে উন্নত নয় তা কার্যত মেনেই নিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘ অনেক রোগী একসঙ্গে পরীক্ষার জন্য হাসপাতালে চলে এলে তা সামাল দেওয়া তাঁদের পক্ষে কার্যত অসম্ভব।’ পাশাপাশি তাঁর পরামর্শ, ‘কেবলমাত্র প্রবীণ নাগরিকদেরই হাসপাতালে যাওয়া উচিত।’
পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য রীতিমত শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইমরানের সমালোচনা করে একজন লিখেছেন, ‘শুধুই ভাষণ, কোনও পদক্ষেপের কথা নেই।’ এদিকে, পাকিস্তানেও ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত অন্তত আড়াইশো জন।
উল্লেখ্য, নোভেল করোনায় এখনও পর্যন্ত সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ লক্ষেরও বেশি। মৃত্যুর সংখ্যা সাড়ে ৮ হাজারের ওপরে। চিনের পর এই মারণ ভাইরাসের প্রভাব সবথেকে বেশি পড়েছে ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্স কার্যত করোনায় কাঁপছে। উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাস ধীরে ধীরে প্রভাব বাড়াচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানেও। ভারতে আক্রান্তের সংখ্যা দেড়শো ছাড়িয়েছে। মৃত ৩।





