আর এই মন্তব্য করে প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের কটাক্ষের সামনে পড়তে হয়েছে ইমরানকে। একটি টুইট করে তিনি কোরানের আয়াত তুলে ইমরানের দাবিকে নস্যাৎ করে দিয়েছেন। জেমাইমা, যিনি একজন ব্রিটিশ ফিল্ম নির্মাতাও বটে, তিনি তাঁর টুইটারে পরিষ্কার জানিয়ে দেন, কোরানে বলা আছে পুরুষদের উচিত চোখ বন্ধ রাখা ও নিজের গোপনাঙ্গকে নিয়ন্ত্রণে রাখা। শেষে তিনি লেখেন, ”এই দায়ভার পুরুষেরই।” তবে সেই সঙ্গে আশাপ্রকাশ করেন, এটা হয়তো ভুল উদ্ধৃতি। তিনি লেখেন, ”আমি যে ইমরানকে চিনি সে বলত, পুরুষের চোখে পর্দা থাকুক, মেয়েদের নয়।”
তবে ইমরানের এই মন্তব্যে বিরোধিতা করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশনও। একজন জননেতা তথা রাষ্ট্রনেতার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয় বলেই মনে করছে তারা।
প্রসঙ্গত, পোশাক নিয়ে এই ধরনের মন্তব্য মোটেই ইমরানই প্রথম করলেন এরকম নয়। নারী নির্যাতনের সপক্ষে এমন ধরনের অদ্ভুত যুক্তি এর আগেও শোনা গিয়েছে। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে রোজ গড়ে ১১ জন মহিলা ধর্ষিতা হন। পাক মানবাধিকার কমিশন মনে করছে, এই পরিস্থিতিতে একজন রাষ্ট্রনায়কের মুখ থেকে এই ধরনের কথা বেরিয়ে আসা অত্যন্ত বিপজ্জনক। ইতিমধ্যেই ইমরানের মন্তব্যের প্রতিবাদে একটি বিবৃতি পেশ করেছে তারা। অনলাইনে তাতে স্বাক্ষর করেছেন বহু মানুষ।





