দেশজুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায় বা নতুন কী কী গাইডলাইন আসতে পারে, এ বিষয়ে আলোচনা করতে আজ, বৃহস্পতিবার নানান রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারেও বৈঠকেও অংশ নেবেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।
নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এখন নির্বাচনী প্রচারে ব্যস্ত, তাই এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন না তিনি। মুখ্যমন্ত্রীর জায়গায় এই বৈঠকে অংশ নেবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যদিও সূত্রের খবর, কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে যে সমস্ত রাজ্যে এখন নির্বাচন চলছে, সে রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। তবে সেই রাজ্যের মুখ্যসচিবকে অবশ্যই বৈঠকে থাকতে হবে।
বলে রাখি, গত ১৭ই মার্চ এই একই বিষয় নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ও এই বৈঠকে অংশ নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও এই একই ঘটনা ঘটল।
প্রসঙ্গত, দেশে করোনার পরিস্থিতি খুব খারাপ। সংক্রমণ আটকানো যাচ্ছে না পশ্চিমবঙ্গেও। প্রতিদিনই গড়ে প্রায় দু’হাজার করে মানুষ নতুন করে করোনার শিকার হচ্ছেন। ইতিমধ্যেই, মহারাষ্ট্রে ঘোষণা করা হয়েছে লকডাউন। দিল্লিতেও চলতে নাইট কার্ফু। এই পরিস্থিতিতে আজকের বৈঠকে মোদী মুখ্যমন্ত্রীদের কী বার্তা দেন, সেই দিকেই চেয়ে আছেন দেশবাসী। এদিন সন্ধে সাড়ে ছ’টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এই বৈঠক।






