সীমান্ত ইস্যুতে নেপালের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা, মিলেছে সহযোগিতার আশ্বাস!

ভারত-চীনের মতোই চলতি বছরে ক্রমশ নিম্নমুখী হয়েছে ভারত-নেপাল সম্পর্কও। উল্লেখ্য এর পিছনে প্রধান মদতদার হিসেবে উঠে এসেছে চীনের নাম‌ই। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করতে অনুঘটকের কাজ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

ভারত-নেপালের বিগড়ে যাওয়া সম্পর্ক মেরামত করতেই দুই দিনের নেপাল সফরে গিয়েছেন ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
ইতিমধ্যেই জানা যাচ্ছে, সীমান্ত ইস্যু নিয়ে নেপালের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে‌ও বসেছেন তিনি। যোগাযোগ, কোভিড ম্যানেজমেন্ট ও পরিকাঠামো উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

সূত্র জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা হয়েছে ভারতীয় বিদেশসচিবের। দুই দেশের জন্য যে সব বিষয়গুলি সংবেদনশীল, সেগুলিকে সম্মান করার বিষয়টিও আলোচনা হয়।
প্রথমদিন শ্রিংলার সঙ্গে বৈঠক করতে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বিদেশমন্ত্রী প্রদীপ গাওয়ালি ও বিদেশসচিব ভারত রাজ পৌডিয়াল।
এদিনের বৈঠকে, সীমান্ত ইস্যু নিয়ে দুই দেশ নিজেদের অবস্থানের কথা তুলে ধরে ও কীভাবে দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় এই নিয়ে আলোচনা চলতে পারে, সেই নিয়েও কথা হয়। নেপালের বিদেশমন্ত্রকের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে সীমান্ত ইস্যু নিয়ে বিদেশসচিবদের মধ্যে কথা হয়েছে ও যেসব জায়গায় এখনও কাজ অমীমাংসিত, সেটি শেষ করা নিয়েও আলোচনা হয়েছে।

এদিন নেপালে করোনা চিকিৎসার জন্য ২০০০ ভায়াল রেমডেসিভির নেপালকে দেন শ্রীংলা। করোনা টিকা বেরোলে যে নেপালের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে, সেই নিয়েও তিনি আশ্বাস দেন।

ভারত-নেপাল তিক্ততার সূত্রপাত হয়, যখন
মানস সরোবরের জন্য লিপুলেখ দিয়ে ভারত রাস্তা তৈরি করার পর নেপাল পাল্টা ম্যাপ প্রকাশ করে। সেখানে ভারতের তিনটি অংশ নেপাল নিজেদের মানচিত্র অন্তর্ভুক্ত করে নিজেদের অংশ বলে দাবি করে। ভারত অবশ্য নেপালের এই মানচিত্র অস্বীকার করে তা খারিজ করে দেয়। নেপাল ও ভারতের মধ্যে ১৭৭০ কিলোমিটার লম্বা সীমান্ত আছে। এর মধ্যে ৯৮ শতাংশ চিহ্নিত ও কোনও বিতর্ক নেই। শুধু কালাপানি ও সুস্তা অঞ্চল নিয়ে দুই দেশের মধ্য টানাপোড়েন রয়েছে।

Tags: India, Nepal, Foreign Secretary, Harsh vardhan Shringla, Nepal president, KP Sharma oli, Border Issues

RELATED Articles