ফের এক চলন্ত বাসে অগ্নিকাণ্ড কলকাতার বুকে। আজ, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ কেষ্টপুরের কাছে একটি যাত্রীবোঝাই বাসে আগুন লেগে যায়। জানা গিয়েছে, গড়িয়া থেকে ডানকুনির দিকে যাচ্ছিল বাসটি। কেষ্টপুরের কাছে আসতেই হঠাৎই বাসটিতে আগুন ধরে যায়। কেষ্টপুর ও দমদম পার্কের মাঝে ঘটেছে ঘটনাটি।
আগুন লাগার খবির পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনেয়ানা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। অফিস টাইম হওয়ায় স্বাভাবিক ভাবেই বেশ ভিড় ছিল বাসটিতে। বেশ কয়েকজন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে জাওাআ হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর মেলেনি। স্থানীয় মানুষজনের সাহায্যে বাসের সব যাত্রীদের তড়িঘড়ি বাসের বাইরে বের করে আনা হয়।
ঠিক কী কারণে হঠাৎ বাসে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বেপরোয়াভাবে চলছিল বাসটি। এই অবস্থায় একটি বাইকে ধাক্কা মারার পরই তাতে আগুন লেগে যায়। বাইক সমেত আরোহী বাসের নীচে চলে যান। স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আগুন লেগে যাওয়ার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস টাইম হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কিছুক্ষণ বন্ধও থাকে যান চলাচল। আপাতত, ভিআইপি রোডে যাতায়াত একমুখী করে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় বিক্ষোভও দেখাচ্ছে সাধারণ মানুষ।
উল্লেখ্য, কয়েকদিন আগেই হাওড়া স্টেশন থেকে যাত্রী নিয়ে আসার সময় হরিনাভিগামী একটি মিনিবাসে হঠাৎ আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, সন্ধে পৌনে ছ’টা নাগাদ বাসের ইঞ্জিনের পাশ থেকে আগুনের ফুলকি দেখা যায়। তা লক্ষ্য করে দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে আসেন। হাওড়া ব্রিজের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভায়। ওই ঘটনাতেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।





