ইজরায়েলের নতুন সরকারের মুখে নরেন্দ্র মোদীর স্তুতি! দু’বছরের মধ্যে চারবার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টালবাহানার অবশেষে দীর্ঘ ১২ বছর পর ইজরায়েলের মসনদে এসেছে নতুন সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুকে সরিয়ে গদি দখল করেছেন নাফতালি বেনেট।
আর ইজরায়েলের মসনদে বসার সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বার্তা দিলেন এই নেতা। সোমবার ওই দেশের নতুন প্রধানমন্ত্রী নিজের বক্তব্য জানান, ভারত-ইজরায়েলের মধ্যে থাকা ‘উষ্ণ এবং অসামান্য’ সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তিনি।
প্রসঙ্গত, গত রবিবার নাফতালি ইজরায়েলের মসনদে বসার পর টুইট করে নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি লিখেছিলেন, ‘‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’’
মোদীর সেই বার্তারই প্রতুত্তর দিয়ে বেনেটও জানিয়েছেন, তিনি মোদী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়া, ইজরায়েলর জোট সরকারের বিদেশমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়াইর লাপিদও জানিয়েছেন, ভারতের সঙ্গে নিজেদের কৌশলগত সম্পর্ক মজবুত করার জন্যও কাজ করবে ইজরায়েলের নবাগত সরকার।





