গতকাল, সোমবারই রাজভবনের বারান্দায় শুভেন্দু অধিকারী তাঁর ডেলিগেশন টিম নিয়ে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে। অভিযোগ তোলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এরপর আচমকাই আজ দিল্লি যাচ্ছেন রাজ্যপাল। আগামী শুক্রবার সন্ধ্যায় তিনি ফিরবেন বলে জানা গিয়েছে।
এই চারদিনের সফরের বিস্তারিত সূচী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে রাজ্যপালের এই দিল্লি সফর যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বোঝাই যাচ্ছে।
তবে রাজ্যপালের দিল্লি সফর এই প্রথম নয়। ভোটের কিছু মাস আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানান তিনি। সেই সময় গুঞ্জন শোনা গিয়েছিল যে রাজ্যে হয়ত রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। তবে, নর্থব্লকে যে ৩৫৬ ধারা জারি হতে পারে, এমন একটা সম্ভাবনাও তৈরি হয়েছে।
আরও পড়ুন- আগামী পাঁচ বছর তৃণমূলের সঙ্গেই থাকছে আইপ্যাক, তবে প্রশান্ত কিশোর কী থাকবেন? উঠছে প্রশ্ন
তবে বাংলায় ভোট পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যে নজিরবিহীন, তা গতকালই মন্তব্য করেছিলেন জগদীপ ধনখড়। তাঁর কথায়, বাংলায় যে নির্মম হিংসা শুরু হয়েছে, তা পৃথিবীর কোনও প্রান্তেই হয় না। তিনি এও বলেন যে মুখ্যমন্ত্রী যেদিন শপথ নিয়েছিলেন সেদিনও তাঁকে এই বিষয়ে জানান রাজ্যপাল। কিন্তু মুখ্যমন্ত্রী কোনও পাত্তা দেন নি।
গতকাল ৫১ জন বিধায়ককে নিয়ে রাজ্যপালের কাছে আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। বিজেপির তরফে বলা হয়, তফশিলি জাতি, উপজাতির মানুষের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া। মহিলা, শিশুদের উপরও চলছে অত্যাচার। এবার রাজ্যপালের এই দিল্লি সফরে তিনি মোদী-শাহ্’র সঙ্গে বিশেষ বৈঠক সারেন কী না, বা তাঁর অন্যান্য কর্মসূচী কী হয়, এখন সেটাই দেখার।





