সাংবাদিককে কুরুচিকর গালিগালাজ, জনসমক্ষে মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

সকলের সামনেই মেজাজ হারালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাংবাদিকের প্রশ্নে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কুৎসিত গালাগালি দিলেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

সূত্রের খবর অনুযায়ী, হোয়াইট হাউসের ইস্ট রুমে চলছিল একটি বৈঠক। এই বৈঠকে মুদ্রাস্ফীতি নিয়েই আলোচনা চলছিল। এমন আবহে ক্রেতাদের সুবিধার জন্যই একটি আইন প্রণয়ন নিয়ে চলছিল আলোচনা। সেই সময় ‘ফক্স নিউজ’-এর পিটার ডুকি নামের এক সাংবাদিক বাইডেনকে টিপ্পনী দিয়ে প্রশ্ন করেন যে মুদ্রাস্ফীতির সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কী না!

এই প্রশ্নেই মেজাজ হারান বাইডেন। পালটা ব্যাঙ্গ করে তিনি বলেন, “তার চেয়েও বড় অ্যাসেট- আরও বেশি মুদ্রাস্ফীতি”। এরপরই বাইডেন ওই সাংবাদিককে ছাপার অযোগ্য ভাষায় গালাগালি দেন।

তাঁর সেই মন্তব্য ধরা পড়ে মাইক্রোফোনে। ভিডিওতেও স্পষ্ট দেখা গিয়েছে বাইডেনকে এমন কুরুচিকর মন্তব্য করতে। এমন গালাগালির পরে ওই সাংবাদিক অবশ্য বলেন, “এখনও পর্যন্ত ওঁর কথার ‘ফ্যাক্ট চেক’ করেনি কেউ। বলেনি কথাটা সত্য নয়”। উল্লেখ্য, এখনও পর্যন্ত হোয়াইট হাউসের তরফে এপ্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এদিকে গত সপ্তাহেও ওই সাংবাদিকের সঙ্গে বেশ উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ান বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট খোঁচা মেরে ডুকিকে বলেছিলেন, “আপনি সব সময়ই সুন্দরতম প্রশ্নগুলি করেন”।

এর উত্তরে ডুকি বলেন যে তাঁর কাছে এমন প্রশ্ন আরও রয়েছে। এরপরই বাইডেনের জবাব, “আমি জানি আপনার কাছে আছে। তবে সেগুলি আমার কাছে অর্থহীনই”।

বল রাখি, আমেরিকায় মুদ্রাস্ফীতি বেশ বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় চার দশকের রেকর্ড ভেঙেছে সে দেশে। এই সমস্যার সমাধানে ব্যস্ত বাইডেন প্রশাসন। এরই মধ্যে সাংবাদিককে এমন মন্তব্যের কারণে বিতর্ক আরও বাড়ল মার্কিন প্রেসিডেন্টের।

RELATED Articles