ছোট শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা রেখেছে ‘জনসন অ্যান্ড জনসন’ কোম্পানি। বিশেষ করে তাদের তৈরি গায়ে লাগানোর পাউডার মেখে বড় হয়েছে বহু বাচ্চা। এবার সেই ‘জনসন অ্যান্ড জনসন’ কম্পানি বিশ্বজুড়ে বন্ধ করতে চলেছে তাদের ট্যাল্ক পাউডার বিক্রি।
এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তাদের তৈরি বেবি পাউডারে অ্যাসবেস্টসের নমুনা পাওয়া গেছে। যা শিশুদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং এর সংস্পর্শে এলে ক্যান্সার পর্যন্ত হতে পারে।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার জনসন অ্যান্ড জনসন কোম্পানি তরফে ঘোষণা করে জানানো হয়, ২০২৩ সাল থেকে গোটা বিশ্বে বেবি পাউডার বিক্রি বন্ধ করে দেওয়া হবে। সংস্থা তরফে জানানো হয়, আমেরিকায় চলতে থাকা অসংখ্য ক্রেতা সুরক্ষা মামলার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮৯৪ সাল থেকে জনসন এন্ড জনসন বেবি পাউডার বিক্রি হয়ে চলেছে। কিছু বছর আগে আমেরিকায় প্রায় ৩৮ হাজার মহিলার ক্যান্সার ধরা পড়ে। আদালত এই সংস্থাকে ক্যান্সারের জন্য দায়ী করে। তাই ২০২০ সালেই আমেরিকায় ও কানাডায় ওই পাউডার বিক্রি বন্ধ করে দেয় সংস্থা। এরপর 2023 সাল থেকে গোটা বিশ্বে বন্ধ করতে চলেছে এই পাউডার বিক্রি।






