ঘুচল টানা ৭৬ দিনের বন্দিদশা। ঘড়ির কাঁটা মঙ্গলবার রাত বারোটার ঘর পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত স্বাধীনতার আনন্দে রাস্তায় নেমে আসেন করোনার আঁতুরঘর উহানের হাজার-হাজার বাসিন্দা। আজ বুধবার থেকে আবার সব কিছু সেই আগের মতো প্রানস্পন্দন ফেরাবে শহরের। ১ কোটি ১০ লক্ষ মানুষের পদচারণা আর কলতানে ফের নতুন গতি পাবে উহান।
গত ডিসেম্বরের শেষ দিকে উহানের হুনান বাজার থেকে ছড়িয়ে পড়ে ঘাতক করোনা ভাইরাস। কার্যত জানুয়ারির মাঝামাঝি সময় থেকে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত উহান সহ হুবেইয়ের বিস্তীর্ণ অঞ্চলকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। সংক্রমণ যাতে ছড়াতে না পারে তার জন্য উহান সহ হুবেই প্রদেশকেই পুরো অবরুদ্ধ করে দেয় চিন সরকার। সেই সাথে সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়া নিষিদ্ধ করা হয়।
মার্চের শেষ সপ্তাহেই চিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ৮ এপ্রিল থেকে আংশিক লকডাউন উঠে যাবে। কিন্তু মঙ্গলবার হুবেইয়ের এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, ‘লকডাউন আংশিকভাবে নয়, পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে। বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। পরিস্থিতির উপরে বেশ কিছুদিন নজর রাখা হবে। প্রয়োজন হলে বেশ কিছু বিধিনিষেধ প্রয়োজনে নতুন করে চালু করা হবে।’





