দীপাবলির রাতে তৈরি হয়েছে নয়া ইতিহাস। ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। এরপরই দেশ-বিদেশ থেকে শুভেচ্ছাবার্তা পেলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইনফোসিসের প্রতিষ্ঠাতা তথা ঋষি সুনকের শ্বশুর নারায়ণমূর্তি ও বলি তারকা অমিতাভ বচ্চন।
জানা গিয়েছে, আগামী ২৮শে নভেম্বর ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ঋষি সুনক। এর পরদিনই নতুন ক্যাবিনেট ঘোষণা করবেন তিনি। ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের কাছে শপথ নেবেন তিনি। ঋষি সুনক অর্থনীতির বেহাল দশা সামলে তিনি কীভাবে ব্রিটেনকে ঘুরে দাঁড় করান, এখন সেটাই দেখার।
সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই প্রধানমন্ত্রী পদে বসেছেন ঋষি সুনক। তাঁকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, “ঋষি সুনাককে অনেক অভিনন্দন। তুমি প্রধানমন্ত্রী হওয়ার পরে ব্রিটেনের সঙ্গে ভারতের যোগসূত্র আরও দৃঢ় হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারবে। সেই সঙ্গে রোডম্যাপ ২০৩০কেও আরও সাফল্যমণ্ডিত করে তোলা হবে”। ঋষির জয়ের সঙ্গে ব্রিটেনের ভারতীয়দেরও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন মোদী।
নিজের জামাইয়ের এমন সাফল্যে খুবই খুশি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। তিনি লিখেছেন, “ঋষিকে অনেক অভিনন্দন। ওর জন্য আমরা সকলেই গর্বিত। আগামী দিনে ঋষি অনেক সাফল্য পাবে এই কামনা করি। আমরা সকলেই নিশ্চিত, ব্রিটেনের সাধারণ মানুষের জন্য যেটা সবচেয়ে ভাল, ঋষি সেটাই করবে”।
প্রসঙ্গত, সুনাকের এহেন কীর্তিতে বেজায় খুশি হয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। নিজের একটি ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, “জয় ভারত। মাতৃভূমি ভারত থেকে নতুন ভাইসরয়কে প্রধানমন্ত্রী হিসাবে পেতে চলেছে ব্রিটেন”।
দীপাবলির রাতেই ঘোষণা হয় যে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি সুনক। এই খবরে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বন্ধুরাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। জো বাইডেন বলেছেন, “আমরা জানতে পেরেছি, ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছেন। এটি যুগান্তকারী ঘটনা। নিঃসন্দেহে এই ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হবে”।





