ভয়ানক পরিস্থিতি! অতিরিক্ত গরমের জের, মক্কায় হজে গিয়ে মৃত্যু প্রায় ৫৫০ জন তীর্থযাত্রীর

তীর্থ করতে গিয়ে মৃত্যু তীর্থযাত্রীদের। মক্কায় গিয়ে একের পর এক মৃত্যুর খবর আসছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, মক্কায় হজে গিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫৫০ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর মিলেছে। গতকাল, মঙ্গলবার কূটনীতিকরা এই রিপোর্ট পেশ করেছে। আর এরপর থেকেই এই নিয়ে শুরু হয়েছে হইচই।

গত ৩০ বছরে হজ যাত্রায় গিয়ে মৃত্যুর ঘটনা কম ঘটে নি। কখনও প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে, আবার কখনও বা তাঁবুতে আগুন লেগে অনেক তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এবারও এর অন্যথা হল না। তবে এবার জানা যাচ্ছে, মক্কায় অতিরিক্ত গরমের কারণে ঘটছে এত বিপুল সংখ্যক মৃত্যু। মৃতদের মধ্যে ৩২৩ জনই মিশরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

গত শুক্রবার থেকে শুরু হয়েছে হজ যাত্রা। এরপর থেকেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত সোমবার ছিল ঈদ। সেদিন সৌদি আরবের তাপমাত্রা পৌঁছে যায় ৫১.৪ ডিগ্রি সেলসিয়াসে। এমন গরম সহ্য না করতে পেরেই তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে খবর। দিনদিন সৌদি আরবের তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে আগামিদিনে হজ যাত্রা যে আরও কঠিন হতে চলেছে, তা বেশ স্পষ্ট।

জানা গিয়েছে, ঈদের পরদিন হজে গিয়ে মৃত্যু হয়েছে তিউনিশিয়ার ৩৫ জন বাসিন্দার। অনেক যাত্রীর আবার সন্ধান মিলছে না। হাসপাতালে হাসপাতালে চলছে খোঁজ। জর্ডন থেকেও এসেছে মৃত্যুর খবর। ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ১১ জন যাত্রীর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি ২৪ জন। আবার গতকাল, মঙ্গলবারই ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, হজ যাত্রায় যাওয়া ১৪০ জন নাগরিকের মৃত্যু হয়েছে।

এই বছর আনুমানিক ১৮ লক্ষ তীর্থযাত্রী হজ করতে গিয়েছেন মক্কায়। এদের মধ্যে ১৬ লক্ষই বিদেশি। অর্থের অভাবে সরকারি ভিসা ছাড়াই হজে আসেন অনেকেই। ফলে তাদের জন্য সৌদি সরকারের এসি সুবিধা থাকে না।

হজ যাত্রীরা মনে করেন, পথ যত বেশিই দুর্গম হোক না কেন, পুণ্য অর্জন করার জন্য সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে হজে যেতেই হবে। সৌদি আরব প্রশাসনের তরফে বারবার গরম নিয়ে সতর্ক করা হয়েছে। সমস্ত তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার করতে বলা হয়েছে। রোদ থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যে সংখ্যক মৃত্যুর খবর সামনে এল, তা ভয়ানক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles