ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার পিছনে কাজ করেছিল তাঁর মাথা। এর ফলও চোকাতে হয়েছে তাঁকে।
এবার সংসদে আস্থা ভোটেও হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সংবাদসংস্থা এএনআই-এর তরফে জানানো হয়েছে আস্থা ভোটে জয়ের জন্য ওলির কমপক্ষে ১৩৬ টি ভোটের দরকার ছিল। কিন্তু ৯৩ জন সেই প্রস্তাবের সমর্থনে ভোট দেন। কিন্তু ১২৪ জন বিরোধিতা করেন। আর ১৫ জন কোনও পক্ষ নেননি। অর্থাৎ প্রধানমন্ত্রীর কুর্সি ধরে রাখার জন্য প্রয়োজনীয় সমর্থন পাননি নেপালের প্রধানমন্ত্রী। আর তাতেই হার।
প্রসঙ্গত, গত মার্চেই সরকার থেকে জোটসঙ্গী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সমর্থন তুলে নেওয়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারান ওলি। ফলে আস্থা ভোটের আগে হুইপ জারি করেছিল সিপিএম-ইউএমএল।
এমনিতেও নেপালে যথেষ্ট বিরাগভাজন হয়েছেন ওলি। দীর্ঘদিন ধরেই দলের অন্দরে বিরোধিতার মুখে পড়ে আসছেন ওলি। বিরোধী গোষ্ঠীর তরফে বারবার দাবি করা হয়, যে সাধারণ আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ওলি, তা যেন প্রত্যাহার করা হয়। দলের অভ্যন্তরে যে সমস্যাগুলি মাথাচাড়া দিচ্ছিল, তা সমাধানের জন্য একসঙ্গে কাজের বার্তা দেওয়া হয়েছিল। তারইমধ্যে নেপালের প্রধান বিরোধী নেতা পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীর চালে আরও চাপে পড়ে যান ওলি।






