এমনিতেই তিনি রাজনৈতিক দিক দিয়ে বিতর্কে জর্জরিত। নেপালের আইনি মোর্চায় ব্যর্থ নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এই নিয়ে রাজনৈতিক তরজায় বারবার তিনি খবরের শিরোনামে উঠে এসেছেন। এবার ফের একবার রাম মন্দির নিয়ে তাঁর বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে গোটা দেশে। এবার তিনি সদর্পে ঘোষণা করলেন যে নেপালে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
গত বছরের জুলাই মাস থেকেই ওলি প্রভু রামের জন্মস্থান নিয়ে নানান বক্তব্য করে বিতর্ক শুরু করেন। এবার নেপালের চিতবনে কমিউনিস্ট পার্টির নেতাদের সামনে নিজের বক্তব্য রাখার সময় ফের তিনি রাম মন্দিরের প্রসঙ্গ তোলেন। বলেন, নেপালের বীরগঞ্জে রাম মন্দির নিয়ে কাজ শুরু হয়েছে। অযোধ্যায় রাম মন্দির বানানো নিয়ে একটি বড় পরিকল্পনা করা হয়েছে। তিনি এও বলেন যে ভগবান রাম ও সীতার মূর্তি তৈরি করা হয়েছে। এরপর, এই মন্দিরে লক্ষ্মণ ও হনুমানের মূর্তিও স্থাপন করা হবে বলে জানান ওলি। এও বলেন যে, আগামী বছরের রাম নবমীর দিনই রামের আসল জন্মস্থল অযোধ্যাপুরীতে রাম মন্দির প্রতিষ্ঠার উৎসব সমারোহে পালন করা হবে।
এদিন ওলি আরও বলেন যে, এই নতুন রাম মন্দির চিতবন এলাকাকে আরও বেশি সুন্দর করে তুলবে। এই জায়গা পর্যটন স্থল হিসেবে পরিচিত হবে। চিতবন গোটা বিশ্বের হিন্দু, মানভব সভ্যতা, ও সাংস্কৃতিক বিশেষজ্ঞদের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠবে বলেই আশাবাদী ওলি।
প্রসঙ্গত, এর আগে রাম মন্দির নিয়ে এক বিতর্কিত বক্তব্য পেশ করেন ওলি। গত বছর জুলাই মাসে তিনি বলেন যে ভগবান রাম নাকি একজন নেপালি আর তাঁর জন্মগ্রহণ হয় বীরগঞ্জের পাশে ঠোরিতে। আসল অযোধ্যা নেপালেই রয়েছে বলে দাবী করেন ওলি। তিনি এই অভিযোগও করেন যে ভারত নাকি তাঁকে তাঁর ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে। নেপালের প্রধানমন্ত্রীর এই দাবীর বিরোধিতা করেন খোদ সেই দেশেরই জনগণ ও রাজনৈতিক নেতারা।






