একদিকে বিশ্বব্যাপী হু হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমন। তারই মধ্যে অসাধ্য সাধন করে দেখিয়েছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসাবে করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল সম্পন্ন করেছে রাশিয়া! রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি (Gamalei Institute of Epidemiology and Microbiology) এই প্রতিষেধক বানিয়ে ফেলেছে। গামালেই ইনস্টিটিউটের ডিরেক্টর আলেকজান্ডার গিনস্টবার্গ (Alexander Gintsburg) সে দেশের সংবাদ মাধ্যমকে বলেছেন, ১২ থেকে ১৪ই অগাস্টের মধ্যে এই প্রতিষেধক বাজারে আনতে চেষ্টা করছে সংস্থা। তবে প্রতিষেধক তৈরির লড়াইয়ে শুধু রাশিয়ায় নামে নি, সঙ্গে রয়েছে আরও তাবড় তাবড় দেশের বিশেষজ্ঞরা। এবার করোনা প্রতিষেধকের বিষয়ে সুসংবাদ দিতে চলেছে অক্সফোর্ডের বিজ্ঞানীরাও।
বিশ্বজুড়ে অন্তত ১৫৫টি সংস্থা করোনার প্রতিষেধক নিয়ে গবেষণা করে চলছে। এর মধ্যে ২৩টি কার্যকর প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল প্রক্রিয়া চলছে। এই ২৩টি প্রতিষেধকের মধ্যে বর্তমানে তিনটির কাজ চূড়ান্ত পর্যায়ে চলছে। এর মধ্যে অন্যতম হল অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধক (ChAdOx1 nCoV-19/AZD1222)। তাহলে সাধারণ মানুষের জন্য কবে পাওয়া যেতে পারে এই ওষুধ? উত্তরের অপেক্ষায় রয়েছেন সারা বিশ্বের মানুষ। তবে জানা যাচ্ছে, এই প্রতিষেধক নিয়ে বৃহস্পতিবারই সুসংবাদ দিতে পারেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা।
অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকটি এখন তার শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে। করোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ গড়ে তুলবে তাঁদের তৈরি প্রতিষেধক, দাবি করলেন অক্সফোর্ডের প্রতিষেধক গবেষণার প্রধান ডঃ সারা গিলবার্ট। ডঃ গিলবার্টের দাবি, হিউম্যান ট্রায়ালে করোনার বিরুদ্ধে ভালো ফলাফল দেখাচ্ছে এই টিকা। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, তাঁদের তৈরি এই প্রতিষেধক মানুষের শরীরে বছর খানেক সময় ধরে করোনাকে প্রতিহত করতে সক্ষম হবে। তাই এই প্রতিষেধকের -এর আশায় বুক বেঁধেছেন বিশ্বের প্রতিটি মানুষ।





