সন্ত্রাসে বিরাম নেই পাকিস্তানের, FATF-এর ধূসর তালিকাতেই থাকতে হচ্ছে ইমরানের দেশকে

চারিদিক থেকেই বিপদে পড়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একদিকে সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক মন্দা আনার আরেক দিকে বিরোধীদের নানান হট্টগোল। সব বিষয়ে নানান বিষয়ে জেরবার ইমরান। এবার প্রাক্তন পাক অধিনায়কের নতুন করে চিন্তা বাড়াল সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানের উপর নজরদারি চালানো সংগঠন FATF অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। সেই সংস্থার ধূসর তালিকা থেকে নাম সরল না পাকিস্তানের।

গতকাল, শুক্রবার এফএটিএফ-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে যে রাষ্ট্রপুঞ্জের দ্বারা ঘোষিত জঙ্গি মাসুদ আজহার, হাফিজ সইদের মতো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান। এই কারণেই ফের ধূসর তালিকাতেই থাকছে ইমরানের দেশ।

তবে সংশ্লিষ্ট সংস্থার তরফে এও জানানো হয়েছে যে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে সামান্য পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ কিন্তু তা যথেষ্ট নয়। একটি ভারচুয়াল বৈঠকে এফএটিএফ-এর সভাপতি মার্কাস প্লেয়ার জানান, ২০১৮ সালে সন্ত্রাসদমনে পাকিস্তানকে ২৭টি শর্ত পূরণ করতে বলা হয়। এর মধ্যে ২৬টি পূরণ করছে সেই দেশ। এখনও বাকি রয়েছে একটি।

আরও পড়ুন- করোনা টিকা-সংক্রান্ত কোনও অ্যাপ বা অনলাইন পোর্টাল ছাড়া টিকাকরণ হবে না, নয়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

জানা গিয়েছে, আর সেই শর্ত হল, সংগঠনের কমান্ডার জাকিউর রহমান লকভি, জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ, এবং জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মতো কুখ্যাত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু এত বছরেও তা করে উঠতে পারেনি পাকিস্তান। তাই ধূসর তালিকাতেই থাকতে হবে তাদের।

বলে রাখি, ২০১৮ সালের জুন মাসে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করা হয়। নির্দেশ দেওয়া হয় যে ২০১৯ সালের মধ্যে সন্ত্রাসে আর্থিক খরচ জোগানো ও আর্থিক দুর্নীতি থেকে মুক্ত হতে FATF-এর দেওয়া অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে হবে। পড়ে অবসশ্য করোনা পরিস্থিতির কারণে এর মেয়াদ বাড়ানো হয়।

এরপর থেকেই পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ধূসর তালিকা থেকে বেরোনো যায়। কিন্তু তা সম্ভব হচ্ছে না মোটেই। এবারের বৈঠককে ঘিরে কিছুটা আলো দেখছিল প্রতিবেশি রাষ্ট্র, কিন্তু সেই আশাও পূর্ণ হল না।

আরও অন্যান্য খবর