Covid19 Crisis: দুনিয়া কাঁপছে করোনা ভয়ে, পাকিস্তানের চিন্তা কাশ্মীরকে নিয়ে

বিশ্বে এখন জারি রয়েছে করোনা ত্রাস। আক্রান্ত হয়েছেন সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ। মারা গিয়েছেন ৩৭ হাজার। মৃত্যুমিছিল চলছে গোটা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে পাকিস্তান চিন্তিত কাশ্মীর নিয়ে। অন্তত পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে OIC-র সাধারণ সম্পাদক ইউসেফ আল-ওথাইমিন-র টেলিফোনিক কথোপকথন তো তাই বলছে। সোমবার শাহ মাহমুদ কুরেশি এবং ইউসেফ আল-ওথাইমিনের সঙ্গে ফোনে কথা বলেন। সেখানেই করোনা নিয়ে বিশ্বের অবস্থা সম্পর্কে আলোচনা হয় এবং কাশ্মীরের অবস্থা নিয়েও কথা হয়।

পাকিস্তানের বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, OIC অর্থাৎ Organisation of Islamic Cooperation এর সঙ্গে বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির যে কথোপকথন হয়েছে, সেখানে বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা তো হয়েছেই, জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়েও বিশদে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী দাবি করেছেন জম্মু কাশ্মীরের উপর লাগাতার নিষেধাজ্ঞা জারি করার জেরে কাশ্মীরে ওষুধ ও অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছানো যাচ্ছে না। এমনকি কাশ্মীরের কোনো তথ্যই নাকি বাইরে আসতে পারছে না। এর ফলে কাশ্মীরের তরুণ প্রজন্মের মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কাও প্রকাশ করেছেন।

সোমবার জম্মু কাশ্মীরে ১১টি নতুন করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে জম্মুতে থাকেন তিনজন ও কাশ্মীরে থাকেন আটজন। সবমিলিয়ে জম্মু কাশ্মীরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জন। কুরেশি ফেব্রুয়ারি মাসে দিল্লিতে হওয়া সাম্প্রদায়িক হিংসা নিয়েও কথা বলেন।

এই Organisation of Islamic Cooperation ৫৭টি মুসলিম প্রধান দেশ নিয়ে তৈরি একটি সংগঠন। এই সংগঠনটি মোটামুটি পাকিস্তানের পক্ষেই থাকে এবং কাশ্মীর নিয়ে ইসলামাবাদ যা সিদ্ধান্ত নেয় তার পক্ষে মতপ্রকাশ করে।

জম্মু কাশ্মীরের special status ভারত গতবছর তুলে নিয়েছে। বহুদিন ধরেই পাকিস্তান চেষ্টা করছে ভারতকে এই বিষয়ে কোণঠাসা করতে, এর জন্য তারা আন্তর্জাতিক স্তর থেকে সমর্থনও চেয়েছে। কিন্তু তাদের ইচ্ছা সফল হয়নি। ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ব্যাপার সম্পূর্ণ ভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান যেন বাস্তবের মাটিতে পা ফেলে চলে ও ভারত বিরোধী পরিকল্পনা থেকে দূরে থাকে।

RELATED Articles

Leave a Comment