বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে কেউ মিথ্যা বলতে না পারেন তার জন্য এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারকে। দাক্ষিণাত্যে স্রেফ কর্ণাটকেই মোট আক্রান্তের সংখ্যা ৮০, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাই সোমবার থেকে এই নির্দেশিকা জারি করল কর্ণাটক রাজ্য সরকার।
কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর বলেন ”যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের সকলকে নিজের মোবাইল থেকে প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের একটি সাইটে। এই নির্দেশিকার অমান্য করলে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কাছে বা তাদের বাড়িতে পৌঁছে যাবে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি দল। তারা তখন ওই ব্যক্তিকে সরকারের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাবে। হোম কোয়ারেন্টাইনের নাম করে যাতে কেউ বাইরে ঘুরতে না পারে বা সংক্রমণ ছড়াতে না পারে তাই পদক্ষেপ।”
সোমবার দেশে মাত্র একদিনে ২২৭ জনের সংক্রমণের কথা জানা যায়। তাই রাজ্যে এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে নয়া সিদ্ধান্ত নেয় কর্ণাটক সরকার। জানা গিয়েছে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোনও সেলফি তুলতে হবে না। সেলফি তুলে রাজ্য সরকারকে পাঠানোর জন্য তাদের মোবাইলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর সেই অ্যাপের মাধ্যমে ছবি তুলে পাঠাতে হবে রাজ্য সরকারের উল্লিখিত দপ্তরে। সেই দপ্তরে থাকা পুলিশ আধিকারিকের একটি দল সেই ছবিগুলি পরীক্ষা করবেন।
ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা তেরোশো। মৃত তিরিশ। টানা ২১দিনের লকডাউন ডেকে প্রতিটি রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছেন যাতে এই মারণ ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব হয়।





