সময় এগোনোর সঙ্গে সঙ্গেই কাবুলের পরিস্থিতিও আরও বেশি ভয়ংকর হয়ে উঠছে। ইতিমধ্যেই কাবুলের নানান ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ফের একটি ভিডিও প্রকাশ্যে এল, যা দেখে রীতিমতো গা শিউড়ে উঠেছে বিশ্ববাসীর।
এর আগে একটি ভিডিওতে দেখা গিয়েছে যে কাবুল ছাড়ার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে বিমান বন্দরে। এবার অন্য একটি ভিডিওতে দেখা গেল যে মাঝ আকাশ থেকেই উড়ন্ত বিমান থেকে পড়ে যাচ্ছেন একের পর এক মানুষ।
আরও পড়ুন- কাবুল থেকে ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে উদ্যত কেন্দ্র, এয়ার ইন্ডিয়াকে বিমান তৈরি রাখার নির্দেশ
জানা গিয়েছে, তারা বিমানের চাকা ধরে ঝুলছিলেন। কোনও রকমে দেশ ছাড়তে চাইছিলেন তারা। কিন্তু মাঝ আকাশে বিমান থেকে পড়ে যান। একাধিক মানুষ বিমানের চাকায় পিষে মারা গিয়েছেন বলেও খবর মিলেছে। সোশ্যাল মিডিয়ায় কাবুলের বিমানবন্দরের ভয়াবহ চিত্র উঠেছে।
সূত্রের খবর অনুযায়ী, বিমানবন্দরে মার্কিন সেনারা গুলি চালিয়েছে। এই গুলিতে মৃত্যু হয়েছে কয়েকজনের। কয়েকজন গুরুতর আহত। কাবুল বিমানবন্দর থেকে বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। বাসিন্দাদের কাছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে আর্জি জানানো হয়েছে যাতে তারা বিমানবন্দরের দিকে না আসেন।
আরও পড়ুন- দেশের নাম বদলে গিয়ে হবে ‘ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান’, পাল্টে যাবে দেশের পতাকাও
সূত্রের খবর অনুযায়ী, বিশ্বের প্রায় প্রতিটি দেশই তাদের বিমান সংস্থাগুলিকে আফগানিস্তানের এয়ারস্পেস এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। চরম সতর্কতা জারি করা হয়েছে।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তরফে জানান হয়েছে, হামিদ কারজাই বিমানবন্দরের সুরক্ষা বজায় রাখতে তাঁরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। সেখানে প্রায় ৬ হাজার ট্রুপ মোতায়েন রয়েছে বলেও খবর।





