ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করল এক রুশ টিভি চ্যানেল। লাইভ সম্প্রচার চলাকালীনই পদত্যাগ করলেন ওই চ্যানেলের সমস্ত কর্মীরা। ইউক্রেনে যুদ্ধের কভারেজ নিয়ে ‘টিভি রেইন’ চ্যানেলের সমস্ত কাজকর্ম বাতিল করে দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেন চ্যানেলের কর্মীরা।
ওই চ্যানেল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয় যে অনির্দিষ্টকালের জন্য তাদের খবর সম্প্রচার বন্ধ থাকবে। গত বৃহস্পতিবার শেষ সম্প্রচার চলাকালীন স্টুডিও থেকে ওয়াকআউট করেন চ্যানেলের সমস্ত কর্মীরা।
সেই সময় চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা নাতালিয়া সিনদেয়েভাকে বলতে শোনা যায়, “যুদ্ধ নয়”! আর এরপরই সম্প্রচারে চালানো হয় ‘সোয়ান লেক’ ব্যালের ভিডিও। ঘটনাচক্রেপ, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেলগুলিতে এই ব্যালের ভিডিও চালানো হয়েছিল।
ইউক্রেন-যুদ্ধের কভারেজ নিয়ে চাপের মুখে পড়ে রুশ রেডিও স্টেশন ‘ইকো অফ মস্কো’। ওই রেডিও স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি, ওই রেডিও স্টেশনের তরফে ইউক্রেনের এক সাংবাদিকের সাক্ষাৎকার নেওয়া হয়।
এই সাক্ষাৎকারে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির বীভৎস রূপ বর্ণনা করেন ওই ইউক্রেনীয় সাংবাদিক। এরপরই রুশ সরকারের তরফে ওই রেডিও স্টেশনের উপর বিপুল চাপ সৃষ্টি করা হয়। এরপরই ‘ইকো অফ মস্কো’ তাদের রেডিও স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।





