স্বাস্থ্যবিধি না মেনেই প্রথম টিকা আবিষ্কারের দাবি রাশিয়ার, ইস্তফা দিলেন স্বাস্থ্যমন্ত্রকের এক চিকিৎসক

চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল এখনো হয়নি। তবু বিশ্বের প্রথম করোনা ভাইরাসের টিকা আবিষ্কারক দেশ হিসেবে নিজেদের দাবি করেছে রাশিয়া। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, করোনা ভ্যাকসিন ‘‌স্পুটনিক ভি’‌ প্রয়োগ করা হয়েছে তাঁর মেয়ের শরীরেও। তবু এই ভ্যাক্সিনকে ঘিরে বিতর্কের ঝড় কমলো না। আর তারই মধ্যে চিকিৎসক আলেকজান্ডার চুচালিন স্বাস্থ্য মন্ত্রকের এথিকস কাউন্সিল থেকে ইস্তফা দিলেন।

রুশ প্রশাসন জানিয়েছেন আগামী অক্টোবর মাস থেকে গণ উৎপাদন শুরু হবে ভ্যাকসিন ‘‌স্পুটনিক ভি’‌-র। কিন্তু এই ভ্যাকসিন কতটা নিরাপদ সে বিষয়ে বিতর্ক এখনো দূর হয়নি।

শেষ পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ না করেই বিশ্বে প্রথম করোনার টিকা আবিষ্কারের দাবি করেছে রাশিয়া। আর সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিজ্ঞানিরা। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষের স্বার্থে সুরক্ষাবিধি মেনে এই ভ্যাকসিনের যথাযথ ট্রায়াল সম্পন্ন করার কথাও জানিয়েছিল। কিন্তু কোনো কথা না শুনেই একপ্রকার তাড়াতাড়িতেই এই ভ্যাকসিন জনসমক্ষে আনল রাশিয়া। এরপরই দেশের স্বাস্থ্য মন্ত্রকের এথিকস কাউন্সিল থেকে পদত্যাগ করলেন চিকিৎসক আলেকজান্ডার চুচালিন। তাঁর দাবি, চিকিৎসা ও স্বাস্থ্যনীতি না মেনেই এই টিকার আবিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রুশ প্রশাসন আগেই জানিয়েছেন, তাঁদের তৈরি ভ্যাকসিন বিশ্বের প্রথম কার্যকরী ভ্যাকসিন। এর সেরমক কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এবং এটি করোনা প্রতিরোধেও সক্ষম।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশ নেওয়া যে ৯টি ভ্যাকসিনের তালিকা রয়েছে, তাতে নামই নেই রাশিয়ার ‘‌স্পুটনিক ভি’‌-র । অর্থাৎ তাদের মতামত অনুযায়ী রাশিয়ার ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ এখনও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশই নেয়নি।

RELATED Articles

Leave a Comment