পরপর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোটের সেনা ঘাঁটি, বিশাল অগ্নিকুণ্ড! দুর্ঘটনা নাকি দুষ্কৃতী হামলা? বাড়ছে জল্পনা

পাকিস্তানের শিয়ালকোটের ভালন ওয়ালায় যে সেনা ঘাঁটি রয়েছে, সেখানে পরপর বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে উঠেছে। দূর থেকে বিশাল অগ্নিকুণ্ড দেখা গিয়েছে। বিস্ফোরণের ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ।

প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কোনও কারণ জানা যায়নি। তবে এই বিস্ফোরণের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় যে প্রায় ৩০ সেকেন্ড ধরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটছে। এরই সঙ্গে দেখা যাচ্ছে আগুন। ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে গিয়েছে।

দাবী করা হয়েছে যে বিস্ফোরণের আওয়াজ এতই বিকট ছিল যে ৪ কিলোমিটার দূর পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বলে রাখি, ভারত সীমান্ত থেকে শিয়ালকোট মাত্র ১৩.২ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যেখানে এই বিস্ফোরণ ঘটেছে, সেই জায়গায় পাক সেনা অস্ত্র মজুত করে রাখে। এদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মাঝে এমন ঘটনা স্বভাবতই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশী দেশে।

প্রসঙ্গত, পাক সেনার তরফে এর আগে বলা হয়েছিল যে তারা আসন্ন আস্থা ভোটে নিরপেক্ষ থাকবে। পাক রাজনীতিতে যে পাকিস্তানি সেনার বেশ বড় প্রভাব থেকেছে, তা বলাই বাহুল্য। তবে সেই প্রথা ভেঙে রাজনৈতিকদের গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালাতে দিতে চাইছেন পাক সেনা প্রধান জেনারেল কামার বাজওয়া।

আর এরই মধ্যে শিয়ালকোটে ঘটে গেল এই বিস্ফোরণ। উত্তর পাকিস্তানে এই বিস্ফোরণ আদপে কোনও দুর্ঘটনা নাকি দুষ্কৃতী হামলা, তা নিয়ে সন্দেহ ক্রমেই জোরালো হচ্ছে। পাকিস্তানের অন্দরে ও বাইরেও এ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।

RELATED Articles