ভারতে বসে মিথ্যা অভিযোগ? হাসিনার বিরুদ্ধে ইউনুস সরকারের পাল্টা আক্রমণ!

বাংলাদেশের(Bangladesh) রাজনীতি বরাবরই অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক দলগুলির মধ্যকার ক্ষমতা দখলের লড়াই, প্রাক্তন এবং বর্তমান নেতৃত্বের মধ্যে বিদ্বেষ, আর তার সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এই সবই দেশের স্থিতিশীলতাকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এমন পরিস্থিতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। শুধু দেশেই নয়, প্রতিবেশী ভারতেও এই প্রসঙ্গ নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

বুধবার রাতে শেখ হাসিনার ভাষণের পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ তোলে, হাসিনার ভাষণে উস্কানি পেয়ে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে (বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি) ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন এই বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি হাসিনার পরিবারের অন্যান্য বাড়িগুলিতেও হামলা হয়েছে বলে অভিযোগ। অথচ ইউনুস সরকারের দাবি, অগস্ট মাসে হাসিনা ক্ষমতা হারানোর পর থেকে এই বাড়িতে কোনও অশান্তি ঘটেনি।

বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি প্রতিবাদপত্রের মাধ্যমে ভারতে নিযুক্ত তাদের হাইকমিশনারকে তলব করে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ভারতে বসে হাসিনা বারবার মিথ্যে এবং মনগড়া বক্তব্য রেখে দেশবাসীকে উত্তেজিত করছেন। এর ফলে বাংলাদেশের ভাবাবেগে আঘাত লাগছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। প্রতিবাদপত্রে ভারত সরকারের কাছে আর্জি জানানো হয়, হাসিনার এমন বক্তব্যে রাশ টানা হোক।

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, হাসিনার বক্তব্যে ‘জুলাই বিপ্লব’-এর শহিদদের অপমান করা হয়েছে। বিদ্বেষমূলক মন্তব্য এবং ইতিহাস বিকৃতির অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। ইউনুস সরকারের মতে, এই ধরনের আচরণ দেশের শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী। একইসঙ্গে, হাসিনাকে হিংসাত্মক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য দায়ি করা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় এক লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবেন মুকেশ অম্বানি! বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে নজরকাড়া ঘোষণা!

তবে রাজনৈতিক মহলের একাংশের মত, এই অভিযোগগুলি নিছকই মুখ বাঁচানোর চেষ্টা। ধানমন্ডির মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়ে এখন সমস্ত দায় শেখ হাসিনার উপর চাপাতে চাইছে ইউনুস সরকার। বিরোধীদের মতে, সরকারের এই পদক্ষেপ তাদের অক্ষমতাকে ঢাকার একটি কৌশল মাত্র।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles