চীনকে উচিত শিক্ষা দিতে জোর ঝটকা মার্কিন প্রশাসনের! হংকং-এর সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল ওয়াশিংটনের

শি জিনপিংয়ের দেশকে সমুচিত জবাব দিতে হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করল মার্কিন প্রশাসন। আর শুধু তাই নয়, স্বায়ত্বশাসিত প্রদেশটিকে প্রদান করা বিশেষ মার্কিন কর ছাড়ের সুবিধাও প্রত্যাহার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। আর সদ্য এমন খবর‌ই নিশ্চিত করেছে মার্কিন বিদেশ দপ্তর।

গত জুন মাসে আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ হেলায় উড়িয়ে হংকং নিয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাশ করে বেজিং। বিতর্ক উপেক্ষা করেই বিলটিতে সই করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর ফলে স্বায়ত্বশাসিত প্রদেশটির উপর বেজিংয়ের রাশ আরও চেপে বসে। তারপরই চীনের উপর চাপ বাড়িয়ে হংকংয়ের ৩০ লক্ষ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করে ব্রিটেন।

শুধু তাই নয়, সদ্য হংকংয়ের ‘চীনপন্থী’ প্রশাসক ক্যারি লাম-সহ ১০ জন উচ্চপদস্থ চীনা আধিকারিকের উপর ভ্রমণ ও আর্থিক বিষয় সংক্রান্ত নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। তার আগে গত মে মাসে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও জানিয়েছিলেন, চীনা দখলদারির কথা মাথায় রেখে হংকংকে স্বায়ত্বশাসিত প্রদেশ হিসেবে গণ্য করা হবে না। হংকংয়ে পরিস্থিতি যে কতটা খারাপ তা স্পষ্ট করে কয়েকদিন আগেই বিতর্কিত নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় গণতন্ত্রপন্থী ধনকুবের ও মিডিয়া টাইকুন জিমি লাইকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন।

RELATED Articles

Leave a Comment