ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসে ভারতীয় পতাকায় সেজে উঠবে আমেরিকার নানান বহুতল। জানা গিয়েছে, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার-সহ মার্কিন মুলুকের মোট তিনটি গগনচুম্বী বহুতল ভারতীয় তেরঙ্গায় সেজে উঠবে এদিন। এই সবকটি বহুতলই নিউ ইয়র্কে অবস্থিত বলে জানা গিয়েছে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছাড়াও যে দুটি বহুতলে ভারতীয় পতাকা ফুটে উঠবে সেগুলি হল- ওয়ান-ফাইব-ওয়ান বিল্ডিং ও ব্রায়ান্ট পার্ক। জানা গিয়েছে, ১৫ই আগস্টের দিন নিউ ইয়র্কে সূর্যাস্ত হলে সেই সময় থেকে গভীর রাত দুটো পর্যন্ত ভারতীয় তেরঙ্গা দেখা যাবে এই বহুতলগুলিতে।
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তেরঙ্গায় রাঙবে দ্য সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশনের সঙ্গে ডাস্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে। এই বহুতলের উচ্চতা ৪০৮ ফুট।
২০০১ সালে ৯/১১ হামলায় এই স্থানে দাঁড়িয়ে থাকা টুইন টাওয়ার না তৎকালীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে যায়। এরপর পরবর্তীকালে এই স্থানেই তৈরি করা হয় বর্তমানের এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটি।
এই উদ্যোগের নেপথ্যে থাকা দ্য সাউথ এশিয়ান এঙ্গেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য রাহুল ওয়ালিয়া এই বিষয়ে বলেন, “এটা দেশের সবথেকে বড় গণতন্ত্রকে সম্মান জানানোর বিষয়। এটা ভারত এবং আমেরিকার বন্ধুত্বের ঐতিহাসিক এক নজির। আমরা এই ঐতিহ্যকে বজায় রাখতে চাই”। যেসমস্ত ওয়েবসাইটে এই আলোকসজ্জা দেখা যাবে, সেগুলি হল – http://www.spireworks.live, http://saef-us.org/tricolornyc/ ও https://tinyurl.com/spireworks।





