ভোট পরবর্তী হিংসায় বলি বিজেপির নানান কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার দলের পক্ষ থেকে আয়োজন করা হবে ‘শহিদ সম্মান যাত্রা’। আজ, শবিবার বিজেপির সদর দফতরে এই সম্মান যাত্রার প্রস্তুতির বৈঠক হয়।
এদিনের বৈঠকের শেষে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে এই শহিদ সম্মান যাত্রায় অংশ নেবেন নবনিযুক্ত চারা কেন্দ্রীয় মন্ত্রীরাও। এদিনের বৈঠকে দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন দলের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়করা।
আরও পড়ুন- রাজনীতি ছেড়ে দিয়েও বিজেপি নেতা সজল ঘোষকে নিয়ে পোস্ট বাবুলের, ফের উস্কানি দিল জল্পনা
আজকের এই বৈঠকের পর দিলীপবাবু বলেন, “ভোটপরবর্তী হিংসায় আমাদের ৫৫ জন কর্মী শহিদ হয়েছে। তাঁদের স্মরণে রাজ্যজুড়ে শহিদ স্মরণ যাত্রা আয়োজন করবে বিজেপি। এই যাত্রায় অংশগ্রহণ করবেন রাজ্যের নবনিযুক্ত চার মন্ত্রী। সঙ্গে থাকবেন বিজেপি নেতা ও কর্মীরা”।
একুশের নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নানান জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে। একাধিক বিজেপি কর্মীদের ঘরছাড়া হতে হয়েছে। প্রাণ গিয়েছে একাধিক বিজেপি কর্মীর। বিজেপির তরফে দাবী করা হয়েছে যে গত ৫ই মে থেকে তাদের দলের কমপক্ষে ৫৫ জন কর্মীকে খুন করা হয়েছে। শুধুমাত্র বিজেপিকে সমর্থন করার জন্য একাধিক মহিলাকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। তবে এই অভিযোগ একেবারেই মানতে নারাজ রাজ্যের শাসক দল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই এবার তৃণমূলের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ২০২৪-এর লোকসভা নির্বাচন। এই কারণে এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল। অন্যদিকে আবার সংগঠন চাঙ্গা রাখতে একের পর এক নানান কর্মসূচীর আয়োজন করে চলেছে রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপি।





